বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সদস্য দেশের সাংসদদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার লন্ডনে মানবাধিকারবিষয়ক কমনওয়েলথের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) দাপ্তরিক কাজে অংশ নিতে শিরীন শারমিন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে আছেন। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে শিরীন শারমিন বলেন, গণতন্ত্র শক্তিশালী করা ও সুশাসন নিশ্চিতে সাংসদের জেন্ডার সমতা নিশ্চিত করা, মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে।
সিপিএ ও যুক্তরাজ্য আয়োজিত এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকাররা অংশ নেন।