স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতন্ত্র সরকারের জন্য শ্রেষ্ঠ না অন্যতম শ্রেষ্ঠ বিষয়, তা নিয়ে বিতর্কের অবসান হয়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণে সরকারের যে অঙ্গীকার থাকে, তার কতটুকু বাস্তবায়ন হয়, তা দেখার পাশাপাশি জাতীয় সংবিধানে মানুষের জন্য যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তা কতটুকু বাস্তবায়িত হয়, তা-ও দেখতে হবে। বিশ্বায়নের প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির উন্নতির যুগে গণতন্ত্রের ধারণা কীভাবে এগিয়ে যাবে, তা-ও আলোচনায় আনতে হবে।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশে সামগ্রিকভাবে শুধু উচ্চপর্যায়েই নারী অবস্থান করছে না, তৃণমূলের নারীদের ক্ষমতায়নের জন্যও বিভিন্ন কার্যক্রম চলমান।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
‘সেক্যুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার প্যারিটি ইন সাউথ এশিয়া’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ (আরডিসি), ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ এবং ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন।
সম্মেলনের এ পর্বে আলোচকেরা বলেন, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষে সমতা সৃষ্টি হলেই একটি দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। এ বিষয়গুলো ধারণ করে তরুণ প্রজন্মকে অগ্রসর হতে হবে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জেন্ডার-বৈষম্য দূর করার ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের কাছে রোল মডেল। বাল্যবিবাহসহ বিভিন্ন নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনের বিশেষ অতিথি ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, প্রগতিশীল সমাজ নির্মাণে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, নারীর অধিকারের মতো মূল্যবোধগুলো প্রাসঙ্গিক। ভারত ও বাংলাদেশে এগুলো চর্চা করা হয়।