বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের উন্নয়ন-সহায়তা অব্যাহত থাকবে। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে গণতন্ত্র ও সুশাসন কর্মসূচির অর্থ অন্য কর্মসূচিতে সমন্বয় করা হবে। যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও সুশাসনের বিষয়ে সংসদের বিভিন্ন কর্মসূচিতে সহায়তা দিয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) মিশন পরিচালক ইয়ানিনা ইয়ারুজেলস্কি গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। ইউএসএইডের নতুন প্রধান হিসেবে তিনি গত ২ জানুয়ারি ঢাকায় আসেন। ইউএসএইড ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউকেএইড) অর্থায়নে পরিচালিত এক জনমত জরিপ সম্পর্কে ইয়ানিনা বলেন, জরিপে দুই দলের জন্য বার্তা রয়েছে। ৫৭ শতাংশ মানুষ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার ৭৯ শতাংশ মানুষ সহিংসতার বিপক্ষে মত দিয়েছেন। বেশির ভাগ মানুষ মত দিয়েছেন পাঁচ বছরের আগেই নির্বাচন হওয়া উচিত।
২ জানুয়ারি ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) পরিচালিত জরিপে বলা হয়েছে, ৫ জানুয়ারির নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগ জয়ী হতো।
৫ জানুয়ারির নির্বাচনের পর বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন সহায়তা অব্যাহত থাকা এবং গণতন্ত্র ও সুশাসনের কর্মসূচিতে মার্কিন পরিকল্পনার বিষয়ে ইয়ানিনা ইয়ারুজেলস্কির কাছে প্রশ্ন করা হয়। ইউএসএইডের বাংলাদেশের প্রধান বলেন, ‘দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের জীবনে পরিবর্তন আনা আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। এখানকার রাজনৈতিক পরিস্থিতি যাই থাকুক না কেন, এই লক্ষ্য অব্যাহত থাকবে।’ এ সময় তিনি সংসদের জন্য নির্ধারিত কর্মসূচিতে সহায়তা কমানোর কথা উল্লেখ করেন।
ইয়ারুজেলস্কি বলেন, ২০১৩ সালে বাংলাদেশকে প্রায় ২০ কোটি ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ বছরও তা অব্যাহত থাকবে। সুশাসন ও গণতন্ত্র কর্মসূচির অর্থ না কমিয়ে তা অন্য কর্মসূচির সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।
প্রধান বিরোধী দলকে ছাড়াই ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্ন রয়েছে। তাই এ নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় কি না—এ প্রশ্নের উত্তর দেন ব্রিফিংয়ে উপস্থিত ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। তিনি বলেন, সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের এ অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।