গণতন্ত্র সুসংহত না হলে স্বাধীন বিচারব্যবস্থার চিন্তা না করাই ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিদায়ী বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার বলেছেন, স্বাধীন বিচারব্যবস্থার পূর্বশর্ত গণতন্ত্র। গণতন্ত্র সুসংহত না হলে স্বাধীন বিচারব্যবস্থার কথা চিন্তা না করাই ভালো। তিনি বলেন, ‘তৃতীয় বিশ্বে গণতন্ত্র হচ্ছে ক্ষমতায় যাওয়ার একধরনের অস্ত্র। ক্ষমতায় গেলে যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন, যে-সেই।’
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারের শেষ কর্মদিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের ২৩ নম্বর বিচারকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকনসহ সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকে উপস্থিত ছিলেন।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার এক-এগারোর সময়ের কথা উল্লেখ করে বলেন, ‘ওই সময় একধরনের শাসন ছিল, যাকে ব্রুট ল বলা চলে। সে সময় ফৌজদারি বেঞ্চের দায়িত্ব পড়ল আমার ওপর। যে দিক দিয়েই জামিন দিই না কেন, আপিল বিভাগে গিয়ে স্থগিত।’ তিনি বলেন, ‘খন্দকার মাহবুব হোসেন একবার সাবমিশন করলেন যে “আমাকে স্বাভাবিক জামিন দিন—আইন প্রতিষ্ঠার দরকার নাই।” যে পথেই জনগণকে পথ দেখাই না কেন, আপিল বিভাগ খড়্গ হাতে দাঁড়ায়ে আছেন। কিন্তু যে পথ করতে জানে, তার পথ রুখবে কে? ফৌজদারি কার্যবিধির ৫৬১এ-তে চলে গেলাম, যেটা হাইকোর্টের একক অধিকার। বর্তমানের প্রায় সব রাজনৈতিক নেতা-কর্মী জামিন পেলেন। আবার পথ হলো নির্বাচনের। যদি আপিল বিভাগের দিকে তাকিয়ে থাকতাম, তবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্ত আকাশে বিচরণ করতে পারতেন না। মুচলেকা দিয়ে ব্রুট লয়ের তাবেদার হয়ে বাঁচতে হতো। একজন বিচারকের বুঝতে হবে যে কোনটা আইনের শাসন আর কোনটা শাসনের আইন।’
এক-এগারোর সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার বলেন, ‘ওই সময় বিচারপতি শাহ আবু নইম প্রথম সাহস করে বর্তমান প্রধানমন্ত্রীকে জামিন দিয়েছিলেন। আমার সে সময়ের ভূমিকার জন্য আমি বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকের কাছে ঋণী। বার যদি এক না হতো, কোর্টের পাশে এসে না দাঁড়াত, তবে হয়তো ওই জগদ্দল পাথর সরানো যেত না।’