গণতন্ত্র সূচকে ৮৫তম স্থানে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৭টি দেশের মধ্যে ৮৫তম। অন্যান্য সূচকেও দেশের পরিস্থিতি ভালো নয়। ব্রিটিশ পত্রিকা ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য জানিয়েছে। পত্রিকাটির অনলাইনে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন।
গতকাল মঙ্গলবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করে জাতিসংঘ। দিবসটি উপলক্ষে ওই দিন এ প্রতিবেদন প্রকাশ করে ইকোনমিস্ট। বাংলাদেশে পৌনে দুই বছর ধরে একটি বৃহৎ রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আছে। এমন অবস্থায় প্রতিবেদনের এ ফলাফল বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ডেমোক্রেসি ইনডেক্স-২০১৪ শিরোনামের এ প্রতিবেদনে শীর্ষে অবস্থানকারী তিনটি দেশ যথাক্রমে নরওয়ে (স্কোর ৯.৯৩), সুইডেন (৯.৭৩) ও আইসল্যান্ড (৯.৫৮)। তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম ও যুক্তরাষ্ট্রের ১৯তম। আর ভারত রয়েছে ২৭তম (স্কোর ৭.৯২) অবস্থানে। বাংলাদেশের সার্বিক স্কোর ৫.৭৮। তালিকায় বাংলাদেশের পরে থাকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৮৭তম, ভুটান ১০২তম, নেপাল ১০৫তম ও পাকিস্তান ১০৮তম। সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।
সূচক নির্ধারণে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে সেসবের মধ্যে আছে নির্বাচনী প্রক্রিয়া ও বহুদলীয় অংশগ্রহণ, সরকারের কার্যকারিতা, রাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা।
নির্বাচন-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিএনপি সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে ২০১৪ সালের ৫ জানুয়ারির ওই নির্বাচন একতরফা হিসেবে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। এখন প্রধান একটি দলের অংশগ্রহণ ছাড়াই যে সরকার দেশটিকে চালাচ্ছে, সেটি কতটা গণতান্ত্রিক?—বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে রাষ্ট্রবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান বলেছেন, ‘এটাকে ঠিক তত ভালো গণতন্ত্র বলে মনে করা হচ্ছে না। অনেক দিন ধরে মান নিয়ে প্রশ্ন চলছিল। ২০১৪ সালের পর যখন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠল এবং একটা একতরফা নির্বাচন হয়ে গেল, তারপর থেকেই গণতান্ত্রিক যে অবস্থান সেটা নিয়ে আন্তর্জাতিক মহল নানা প্রশ্ন করে চলেছে।’
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন, মার্কিন দূতাবাস এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গতকাল ঢাকায় একটি ওয়ার্কশপের আয়োজন করে। ওয়ার্কশপে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল বলেন, ‘সমাজ ও প্রযুক্তি নিয়ত পরিবর্তিত হচ্ছে। এটা গণতন্ত্রের নিজস্ব কার্যকারিতার ব্যাপারে অব্যাহতভাবে পুনঃ নীরিক্ষার দাবি রাখে। কিন্তু এ পরিবর্তনের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ অপরিবর্তনীয় বিষয় রয়ে গেছে। তা হলো সরকারকে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার প্রতি সব সময়ই সংবেদনশীল ও জবাবদিহির মধ্যে থাকতে হবে।’