গণতন্ত্রকামীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলমত-নির্বিশেষে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে গণতন্ত্রকামী মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ভোটের অধিকার রক্ষায় এই আন্দোলন আরও বেগবান করে বিজয়ের পথে নিয়ে যেতে হবে।

বিবৃতিতে ফখরুল বিএনপির চেয়ারপারসনের পক্ষে আগামীকাল ১ জানুয়ারি বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘দেশকে রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, মৌলিক অধিকার রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, এর আগে পাঁচ দফা অবরোধ ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সর্বশেষ ২৯ ডিসেম্বর বিরোধী দল গণতন্ত্রের অভিযাত্রা ঘোষণা করে। ফখরুল বলেন ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে সরকার নজিরবিহীন বাধা দিয়েছে। সমাবেশ অনুষ্ঠানের অনুমতি দেয়নি। তিন দিন ধরে সারা দেশে সরকার অবরোধ আরোপ করে সড়ক, রেল ও নৌপথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ঢাকা মহানগরে সব গণপরিবহন বন্ধ করেছিল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয় দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সকল দাপ্তরিক কার্যক্রম ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিএনপির চেয়ারপারসন, ১৮ দলের নেত্রী, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তাঁর বাসভবনে বেশ কয়েক দিন ধরে আটক রাখা হয়েছে। গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি। পাঁচটি বালুর ট্রাক, অসংখ্য পুলিশ, র্যাব দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, বিরোধী দলের ডাকা গণতন্ত্রের অভিযাত্রা চলার সময় নয়াপল্টন ছিল নেতাশূন্য। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নয়াপল্টনে দলীয় কার্যালয়, গুলশান চেয়ারপারসনের কার্যালয় বা গুলশান ২ নম্বরে খালেদা জিয়ার বাসভবনে আসতে দেখা যায়নি। তবে প্রতিদিনই তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়েছেন।