গণতন্ত্রকে রক্ষা করতে ক্যাম্পাসে গোলাগুলি বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘অস্ত্র নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের গোলাগুলি করা একদমই ঠিক না। গণতন্ত্রকে রক্ষা করতে, সভ্যতাকে রক্ষা করতে সবাই মিলে এটা বন্ধ করতে হবে। শক্তভাবে আইন করে এটি নিষিদ্ধ করতে হবে।’গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সংবিধান নিয়ে এক সেমিনারে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। ‘বাংলাদেশের সংবিধান: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাঙলার পাঠশালা। ড. কামাল হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমাদের সময়েও রাজনীতি ছিল, ছয় দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন ছিল। কিন্তু অস্ত্র নিয়ে একজনের ওপর আক্রমণ করার মানসিকতা ছিল না। আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে অস্ত্র। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’ড. কামাল হোসেন আরও বলেন, ‘গণতন্ত্র মানে সন্ত্রাসমুক্ত সমাজ। কেউ একমত না হলে আলাপ-আলোচনা করে, যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে বলা। একমত না হলেও আঘাত করা যাবে না। গাড়ি পোড়ানো, কাউকে আঘাত করা গণতন্ত্রের জন্য ভয়াবহ।’এর আগে ৭০ মিনিটের বক্তব্যে সংবিধান প্রণয়নের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ড. কামাল বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ হলেই সংবিধানে হাত দেওয়া যায় না। সংবিধানের মৌলিক স্তম্ভের পরিবর্তন ঘটানো যায় না। সংবিধান অনুযায়ী জনগণই সবকিছুর মালিক। তারাই এর রক্ষাকবচের ভূমিকা পালন করে। অধ্যাপক আনিসুজ্জামান বাংলাদেশের সংবিধান রচনার প্রেক্ষাপটে তাঁর সম্পৃক্ততার কথা তুলে ধরেন।