প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। লর্ড তারিক আহমেদের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টের ‘ঋণসহায়তা, সাহায্য ও বাণিজ্য’ সংক্রান্ত অল পার্টি গ্রুপের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারি দলের বাইরে অন্যান্য দল থেকে সাতজনকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। তিনি বলেন, তাঁর সরকার জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। বৈঠকে তাঁরা সরকারের নেওয়া খাদ্য, শিক্ষা ও সামাজিক খাতের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, গত আড়াই বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তা দেখে তাঁরা অভিভূত। তাঁরা জলবায়ু পরিবর্তন পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।