গণতন্ত্রকে শক্তিশালী করে গণমাধ্যম

গণতন্ত্রকে বিকশিত এবং মানবাধিকার সমুন্নত করে গণমাধ্যম। এ দেশের গণমাধ্যমই মুক্তিযুদ্ধ, শিক্ষা ও নারী বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৩ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জুরি বোর্ডের চেয়ারম্যান এম শফিকুল করিম, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশনস সৈয়দ তাহমিদ আজিজুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী।
পুরস্কার পেলেন যাঁরা: আর্থিক খাত বিষয়ে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ এবং যোগাযোগ খাতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন পুরস্কার পেয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ে সমকাল-এর আবু সালেহ, অবজেকটিভ ইকনোমিক বিষয়ে কালের কণ্ঠ-এর রাজীব আহমেদ, নারী ও শিশু বিষয়ে জনকণ্ঠ-এর রাজন ভট্টাচার্য, পরিবেশ ও প্রকৃতি বিষয়ে নিউ এজ-এর এরশাদ কমল খান, ক্রীড়া বিষয়ে ইনকিলাব-এর শামীম চৌধুরী, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে জনকণ্ঠ-এর মোরসালিন মিজান, অপরাধ বিষয়ে জনকণ্ঠ-এর এম এ শাহজাহান, জ্বালানি খাতে ঢাকা ট্রিবিউন-এর আমিনুর রহমান, কৃষি বিষয়ে ডেইলি স্টার-এর পিনাকী রায়, সংসদ বিষয়ে দৈনিক ইত্তেফাক-এর আশিস সৈকত, জনশক্তি বিষয়ে শাহ আলম খান এবং তথ্যপ্রযুক্তিতে সজল জাহিদ পুরস্কৃত হয়েছেন।
এ ছাড়া একাত্তর টেলিভিশনের জি এম ফয়সাল আলম, মাছরাঙা টেলিভিশনের নাজমুল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাহবুব আলম ও বৈশাখী টিভির খাদিজা নাহার পুরস্কৃত হয়েছেন।
অনলাইন মাধ্যমে দ্য রিপোর্ট ২৪ ডটকমের এস এম নুরুজ্জামান এবং বেতার মাধ্যমে বিবিসির আহরার হোসেন পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে ৭৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।