গণতন্ত্রহীনতা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী অলোক শর্মা বাংলাদেশে অব্যাহত সন্ত্রাসবাদের ঝুঁকি প্রসঙ্গে বলেছেন, ‘সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় যুক্তরাজ্য সরকার শেখ হাসিনা সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু সমস্যা হলো, অসহিষ্ণুতা ও দায়মুক্তির সংস্কৃতি এবং গণতান্ত্রিক বিতর্কের সুযোগ না থাকলে সন্ত্রাসবাদ উৎসাহিত হয়।’

বাংলাদেশ বিষয়ে নতুন দায়িত্ব পাওয়া ব্রিটিশ প্রতিমন্ত্রী অলোক শর্মা বলেন, ‘উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানাই। তবে এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ সরকার তার দেশের নাগরিকদের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টিও স্পষ্ট করবে।’

গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের নিয়মিত অধিবেশনে ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু’ শীর্ষক এক বিতর্কে অংশ নিয়ে অলোক শর্মা এসব কথা বলেন। সম্প্রতি থেরেসা মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর অলোক শর্মাকে পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দক্ষিণ এশিয়াবিষয়ক দায়িত্বে থাকা হুগো সোয়ারের স্থলাভিষিক্ত হলেন।

ভারতীয় বংশোদ্ভূত এ ব্রিটিশ রাজনীতিক বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাওয়া বাংলাদেশের জন্য মানবাধিকার, কার্যকর বিচারব্যবস্থা, সক্রিয় সুশীল সমাজ, মুক্ত গণমাধ্যম এবং কর্তৃপক্ষকে জবাবদিহি করার স্বাধীনতার মতো বিষয়গুলোর সুরক্ষা এবং প্রচার অতীতের যেকোনো সময়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্য সংসদের হিন্দুবিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির প্রধান ক্ষমতাসীন কনজারভেটিভ দলীয় এমপি বব ব্ল্যাকম্যান ছিলেন এ বিতর্কের উদ্যোক্তা। গত বুধবার বিকেলে প্রায় ৪৫ মিনিট ধরে চলা বাংলাদেশ-বিষয়ক আলোচনায় ক্ষমতাসীন দলের আরেক এমপি ফিওনা ব্রুসও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অভিমত তুলে ধরেন।

বিতর্কের শুরুতে হ্যারো ইস্ট আসনের এমপি বব ব্ল্যাকম্যান  বলেন, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাম্প্রতিক নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনায় যুক্তরাজ্যের জন্য উচ্চ ঝুঁকি রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ছোট ছোট হামলাগুলো ধর্মীয় উগ্রবাদী ও সন্ত্রাসীদের অস্তিত্ব জানান দেওয়ার প্রাথমিক স্তর মন্তব্য করে তিনি বলেন, সন্ত্রাসবাদকে অঙ্কুরে নির্মূল করতে সরকারের উচিত প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা।

বব ব্ল্যাকম্যান বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আলাদা আইন প্রণয়নে যুক্তরাজ্য সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ক্ষমতাসীন দলের এমপি ও ‘কনজারভেটিভ পার্টি হিউম্যান রাইটস কমিশন’-এর চেয়ারম্যান ফিওনা ব্রুস বিতর্কে অংশ নিয়ে বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও উগ্রবাদের সমস্যার জন্য ‘গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ’ এবং ‘বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপট’ দায়ী।

স্বাধীন গণমাধ্যম সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি এগিয়ে নেয় উল্লেখ করে ফিওনা বলেন, গত কয়েক বছরে বেশ কয়েকজন সম্পাদক ও সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগের যথেষ্ট কারণ আছে। এ প্রসঙ্গে চলতি বছরের শুরুতে শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৭৯টি মামলার কথা উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ফিওনা ব্রুস বলেন, যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন দপ্তরের তৈরি করা বিশেষ প্রতিবেদনে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রদর্শনের সক্ষমতার অভাবসহ নানা কারণে নির্বাচন-প্রক্রিয়ায় বড় ধরনের গলদ ছিল। নির্বাচনের আগে সংখ্যালঘু ও নাগরিকদের সম-অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ফিওনা বলেন, ‘দুঃখজনকভাবে ঘটনাপরম্পরায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের চেষ্টা দৃশ্যমান নয়।’ ব্লগারদের ‘সীমা লঙ্ঘন না করার জন্য’ সরকারের কর্তাব্যক্তিদের হুঁশিয়ারির কথাও তিনি উল্লেখ করেন।

ফিওনা ব্রুস ব্রিটিশ অনুদানের অর্থ যাতে রাজনৈতিক বিরোধী ও সংখ্যালঘুদের নির্যাতনের কাজে সহায়তা না জোগায়, তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাজ্য বাংলাদেশকে ১৬ কোটি ২০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী অশোক শর্মা বলেন, অনুদান বন্ধ করা বা নিষেধাজ্ঞা আরোপের নানা দাবি থাকলেও তিনি এসবের পক্ষে নন। মন্ত্রী বলেন, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করছে যুক্তরাজ্যে। তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে দেশটির সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ সম্পর্ক রয়েছে। ফলে সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করে সমস্যা সমাধানে ব্রিটিশ সরকার আগ্রহী।