জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী বিরোধী দল খুবই জরুরি বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। তিনি বলেছেন, ‘যুক্তরাজ্য এ দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র দেখতে চায়। এ জন্য স্বাধীন গণমাধ্যম, পার্লামেন্টে শক্তিশালী বিরোধী দল ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা খুবই জরুরি।’
গতকাল সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিবসন এসব কথা বলেন। গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল। কিন্তু সেটা না হওয়ায় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্যসমাপ্ত স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় ব্রিটিশ হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যালান ডানকানের সাম্প্রতিক ঢাকা সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাজ্য-বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে কীভাবে আরও গভীর ও কার্যকর হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
যুক্তরাজ্যে কারি ইন্ডাস্ট্রির সংকট প্রসঙ্গে গিবসন বলেন, ‘আমরা এ বিষয়ে অবহিত। ব্রিটিশ সরকার কারি ইন্ডাস্ট্রির সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। কারি ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কীভাবে সহযোগিতা করা যায়, আমরা সে প্রচেষ্টা চালাচ্ছি।’
এর আগে মেয়রের সঙ্গে সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দিনে দিনে এ সম্পর্ক আরও গভীর হচ্ছে।