গণতন্ত্রের অবক্ষয় রোধের আহ্বান জাতিসংঘের
বিশ্বব্যাপী গণতন্ত্রের যে অবক্ষয় শুরু হয়েছে, তা রোধের আহ্বান জানিয়েছেন মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে সামনে রেখে বিশ্বের সব গণতান্ত্রিক দেশের সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন তাঁরা। খবর ইউএনবির।
১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের আগে জানানো এ আহ্বানের পাশাপাশি বিশেষজ্ঞরা গণতন্ত্রের ক্রমবর্ধমান অবক্ষয়ে গভীর দুঃখও প্রকাশ করেন। তাঁদের মতে, কিছু দেশে সরকারের দমন-পীড়নমূলক নীতি ও জনমানুষের আকাঙ্ক্ষার বিনিময়ে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাবই এ অবস্থার কারণ।
প্রমোশন অব এ ডেমোক্র্যাটিক অ্যান্ড ইকুইট্যাবল ইন্টারন্যাশনাল অর্ডার-সংক্রান্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ আলফ্রেড দ্য জেয়াস এবং রাইটস টু ফ্রিডম অব পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অব অ্যাসোসিয়েশনের ওপর স্পেশাল র্যাপোর্টিয়ার মাইনা কিয়াই গণতন্ত্রের ক্ষয় ঠেকানোর এ আহ্বান জানিয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে ঢাকায় গতকাল শুক্রবার পাঠানো এক বার্তায় এ দুই বিশেষজ্ঞ বলেন, গণতন্ত্রকে ফাঁকা বুলিতে পরিণত করাটা উচিত হবে না। গণতন্ত্র হলো আত্মনিয়ন্ত্রণাধিকারের বাস্তবায়ন এবং বিশ্বকে আরও শান্তিপূর্ণ, ন্যায়ানুগ ও স্থিতিশীল করার এক প্রয়োজনীয় উপকরণ। আর এই মহৎ উদ্দেশ্য হাসিলে সুশীল সমাজ এক গুরুত্বপূর্ণ অংশীদার।
বার্তায় বলা হয়, ‘আমরা (জাতিসংঘের) সদস্যদেশগুলোর প্রতি সুশীল সমাজের আরও বেশি কাজের ক্ষেত্র নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি; যাতে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে তারা তাদের যৌক্তিক সুযোগ লাভ করে।’
সুশীল সমাজের জন্য সুযোগ—এ বছরের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। তবে বার্তায় বলা হয়, দুর্ভাগ্যবশত এখন এ সুযোগ দ্রুত সংকুচিত হতে দেখা যাচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি ও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বাড়ছে। বিশ্বজুড়ে বড় বড় বিক্ষোভ-আন্দোলনে এটা প্রতিফলিত হয়েছে। এখন জনগণ শাসনব্যবস্থা ও গণতন্ত্রের ব্যর্থতার শিকার। নিজেদের কথা শোনাতে তাই বিক্ষোভই প্রায় তাঁদের শেষ অবলম্বন হয়ে উঠছে। আর সরকারগুলোও এই ভিন্নমত দমনে ক্রমে বেশি নির্যাতনমূলক পন্থা অবলম্বন করছে।