গণতন্ত্রের অভিযাত্রায় দিনভর যা হলো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি নিয়ে আজ রোববার দিনভর ছিল টানটান উত্তেজনা। নানা নাটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে গুলশানের বাড়ি থেকে বের হতে না পেরে আগামীকাল সোমবারও একই কর্মসূচি দিয়ে ঘরে ফিরে যান বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

কর্মসূচিতে শামিল হতে গিয়ে মালিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে মানসুর প্রধানীয় (২৪) নামের শিবিরের এক নেতার, কমলাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণে আবুল কাশেম নামে একজন নিরাপত্তাকর্মীর এবং তল্লাশির নামে সময়ক্ষেপণের কারণে হাসপাতালে নেওয়ার পথে সাভারে গুরুতর অসুস্থ বৃদ্ধা মাবিয়া বেগমের মৃত্যু হয়।

এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর দফায় দফায় চড়াও হন ক্ষমতাসীন দলের কর্মীরা। জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দেন আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। আর নয়াপল্টনে যাওয়ার পথে বাধা পেয়ে প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার সামনে বসে সমাবেশ করার সময় হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী একদল শিক্ষক।

তল্লাশি-হয়রানি, ক্ষমতাসীনদের হাতে লাঠিসোঁটা

আজকের কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই রাজধানীর প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকে কেরানীগঞ্জ থেকে ঢাকায় প্রবেশের মুখে বুড়িগঙ্গা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেতু; গাজীপুর থেকে ঢাকায় আসার পথে টঙ্গীর স্টেশন রোড ও চেরাগআলী, গাবতলী ও যাত্রাবাড়ী এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে ঢাকায় বাসের প্রবেশ কার্যত বন্ধ হয়ে পড়লে মানুষ রিকশা, ভ্যানসহ বিভিন্ন বিকল্প পথে রাজধানীতে আসার সময় মোড়ে মোড়ে তল্লাশির মুখে পড়েন।

জাতীয় পতাকা হাতে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের কর্মসূচি হলেও লাঠিতে পতাকা বেঁধে গোটা রাজধানী ও এর প্রবেশমুখ দখলে রাখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ভোর থেকে লাঠি-পতাকা, হকিস্টিক, ক্রিকেট স্টাম্পসহ বিভিন্ন সরঞ্জাম হাতে মাঠে নামেন দলটির নেতা-কর্মীরা। যৌথ বাহিনীর সঙ্গে অবস্থান করেন তাঁরা।

পুলিশের বাড়াবাড়ি, অসুস্থ বৃদ্ধার মৃত্যু

আজ তল্লাশির নামে বাড়াবাড়ি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মোড়ে মোড়ে তল্লাশির নামে আইনশৃঙ্খলা বাহিনীর সময়ক্ষেপণের কারণে এবং ঢাকায় প্রবেশের পর সরকারি দলের কর্মীদের বাধার কারণে সাভারের কাউন্দিয়া থেকে চিকিত্সার জন্য ঢাকায় আসার পথে মাবিয়া বেগম নামের এক অসুস্থ বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে তাঁর ছেলে মোহাম্মদ আলী সকালে অভিযোগ করেছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন ‘প্রথম আলো’কে বলেন, তল্লাশি করতে গিয়ে হয়তো কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে।

কর্মীশূন্য নয়াপল্টন, খালেদার উপদেষ্টাসহ আটক ৪০

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় জোটের নেতা-কর্মীদের দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দেখা যায়নি। দিনভর কার্যালয়ের আশপাশে ছিল প্রচুর পুলিশ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ রওশন আরা ফরিদসহ চারজন, প্রেসক্লাব এলাকা থেকে ৩০ জন, মালিবাগ রেলক্রসিং এলাকা থেকে চারজন এবং বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে দুজনসহ মোট ৪০ জনকে আটক করে পুলিশ।

মালিবাগে শিবিরের নেতা নিহত

বেলা ১১টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হলের সামনে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁরা টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশও ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ ঘটনার পরে রামপুরা থানা পুলিশের একটি দল পাশের একটি গলিতে তল্লাশি করতে যায়। এ সময় তাদের সঙ্গে শিবিরের কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের পাঁচজন সদস্য ও অপর একজন আহত হন। সংঘর্ষ শেষে মানসুর প্রধানীয়কে সেখানে পড়ে থাকতে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

মানসুরের বন্ধু মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিনি আশকোনা ৩ নম্বর ওয়ার্ডের শিবিরের সভাপতি ছিলেন। তিনি বনানীর সিটি ইউনিভার্সিটি নামে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

সাংবাদিকদের সভা পণ্ড

দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী সাংবাদিকদের একটি বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা লাঠিসোঁটা হাতে প্রেসক্লাবের বাইরে থেকে ইট-পাটকেল ছুড়লে সমাবেশটি পণ্ড হয়ে যায়। পরে আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের আরেকটি সমাবেশ করলে সেখানে হামলা হয়। ইটের আঘাত মাথা ফেটে যায় একজন সাংবাদিকের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের ওপর হামলা

‘গণতন্ত্রের অভিযাত্রা’য় যোগ দিতে নয়াপল্টন যাওয়ার পথে বেলা সোয়া দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের একটি দল প্রেসক্লাবের পাশে কদম ফোয়ারার কাছে পুলিশি বাধার মুখে পড়ে। তাঁরা রাস্তায় বসে সমাবেশ করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা শিক্ষকদের ওপর চড়াও হন ও তাঁদের কয়েকজনকে লাঞ্ছিত করেন।

পুলিশের উপস্থিতিতে আইনজীবীদের ওপর চড়াও

বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত দফায় দফায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ও কোর্টের ভেতরে পুলিশের উপস্থিতিতে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর চড়াও হন ক্ষমতাসীন দলের কর্মীরা। এ সময় রেহানা পারভীন নামের এক আইনজীবী আহত হন। বিএনপিপন্থী আইনজীবীদের ফটক থেকে বের হতে ও ফটকের সামনে জড়ো হতে বাধা দেয় পুলিশ। রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।

তল্লাশিকালে বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

বেলা আড়াইটার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় দুই যুবকের ব্যাগে থাকা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরিত হয়ে আবুল কাশেম নামের একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি স্টেশন ইয়ার্ডের ১৭ নম্বর বিটে দায়িত্ব পালন করছিলেন।

দিনভর অবরুদ্ধ খালেদার বাড়ি

খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে ভোর থেকে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। আট প্লাটুন পুলিশ বাড়িটি ঘিরে রাখে। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে নেওয়া হয় জলকামান। এ ছাড়া বাড়ির সামনের রাস্তায় বালুভর্তি তিনটি ট্রাক ও পেছনের রাস্তায় দুটি ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়ক বন্ধ করে দেওয়া হয়।

বেলা সাড়ে তিনটার আগ পর্যন্ত খালেদার বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়তে দেওয়া হয়নি। এরপর দক্ষিণ-পূর্ব পাশের একটি বাড়ির সীমানাপ্রাচীর বেয়ে সাংবাদিকদের একটি দল খালেদা জিয়ার বাড়ির সীমানাপ্রাচীরের কাছে যায়। এ সময় খালেদা জিয়ার বাড়ির ভেতর থেকে তাঁদের জন্য একটি মই দেওয়া হয়। কয়েকজন সাংবাদিক সেই মই বেয়ে বাড়িতে ঢুকে তাঁর কাছে গিয়ে সংবাদ সংগ্রহ করেন।

বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চেষ্টা করে বের হতে না পেরে খালেদা জিয়া ‘গণতন্ত্রের অভিযাত্রা’র যে কর্মসূচি আজ ছিল, তা কাল সোমবারও অব্যাহত থাকার ঘোষণা দিয়ে বাড়ির ভেতরে চলে যান। এর আগে বিকেল চারটার দিকে খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি বাড়ির লনে জাতীয় পতাকা হাতে বসে ছিলেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়া বাসার ভেতরে ঢোকেন। আর এর মধ্য দিয়েই কর্মসূচি উপলক্ষে নানা নাটকীয়তা, উত্তেজনা আর সহিংসতার সমাপ্তি ঘটে।