শেখ হাসিনার নেতৃত্বে গতকাল রোববার নতুন সরকার শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে, অনৈতিক ও অবৈধ সরকারের শপথের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। এতে বলা হয়, সরকারের শপথের দিনটি বাংলাদেশের জন্য একটি কালো দিন।
বিবৃতিতে মির্জা ফখরুল আওয়ামী লীগের ‘অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক’ পদক্ষেপের নিন্দা জানিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিময় যাত্রা শুরু হলো। উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটারবিহীন সাজানো নির্বাচনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক সরকার এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সরকারের প্রতি দেশের ৯৫ ভাগ মানুষের কোনো সমর্থন নেই। বিরোধী দল যখন শান্তি ও গণতন্ত্রের পথে চলছে, তখন আওয়ামী লীগ গণতান্ত্রিক নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করল। বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে আবারও অন্ধকারে নিক্ষেপ করা হলো। কিন্তু এ দেশের মানুষ কোনো দিনই এই সরকারকে বৈধ সরকারের স্বীকৃতি দেবে না, মেনে নেবে না।