সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রের চর্চা করার জন্য সুসংহত রাজনৈতিক দল দরকার৷ দেশে বিভিন্ন সময়ে রাজনীতির ধারাবাহিকতা ব্যাহত
করা হয়েছে৷ এ ছাড়া রাজনীতিবিদেরা পারস্পরিক বিরোিধতা এবং বিভিন্ন আদর্শিক সংঘর্ষের কারণে একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসর হতে পারেননি৷
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনীতির আলোকে ‘রাজনীতির প্রয়োজন’ শীর্ষক গণবক্তৃতায় বক্তারা এ মত দেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান সমিতি এ গণবক্তৃতার আয়োজন করে৷
মূল বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ‘রক্তমাখা হাত উদারতার সংস্কৃতির গলা টিপে ধরেছে৷ চতুর্দিকে রক্ত৷ বিএনপির দুহাতে, হেফাজতে ইসলামের দুহাতে, জামায়াতের দুহাতে রক্ত এবং আওয়ামী লীগের দুহাতে রক্ত৷ এই রক্ত ও রক্তপাত থেকে আমাদের রাজনীতিকে উদ্ধার করতে হবে৷’
প্রধান অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আওয়ামী লীগের কোনো ভুল নেই, তা আমি বলব না। আওয়ামী লীগের হাতে রক্ত নেই, তাও আমি অস্বীকার করি না। কিন্তু উনি বলতে চেয়েছেন, দুই হাতে রক্ত আছে। যেটা এরশাদের ছিল, যেটা জিয়াউর রহমানের ছিল, যেটা খালেদার ছিল।... অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র ব্যবহার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা হলো এক হাতের রক্ত। আরেকটা সমাজের অবক্ষয়ের কারণে৷’
মন্ত্রী আরও বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে যারাই যখন ক্ষমতায় থাকে, অবশ্যই তাদের ওপর দায়িত্ব আসবে, তা বহন করতে হবে।
সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের চেয়ারম্যান মীজানূর রহমান শেলী বলেন, মুক্তিযুদ্ধের প্রথম চেতনা গণতন্ত্র৷ সত্য, সুন্দর ও পরিশীলিত রাজনীতি, যা মানবিক চরিত্রকে হরণ করে না, মানুষের শাশ্বত মূল্যবোধকে পথভ্রষ্ট করে না, তাই হলো আসল রাজনীতি৷ সঠিকভাবে রাজনীতি না চালালে উগ্রপন্থীরা ও সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠে৷’
সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রের ধারা বিভিন্ন কারণে বারবার হোঁচট খাচ্ছে বলে মন্তব্য করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা৷ তিনি বলেন, ‘দেশে বিভিন্ন মত, ধর্ম ও ভিন্ন আচার-আচরণের লোক থাকবে৷ তাঁদের বিভিন্ন ধরনের দাবি থাকবে৷ একটি অপরটির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে৷
নির্বাচন কমিশনার আরও বলেন, আলোচনার মধ্য দিয়ে দুরূহ এসব বিষয় সমাধান করা রাজনীতির ধর্ম৷ কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বাধার সম্মুখীন হচ্ছি৷ এ কাজগুলো করার জন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেগুলো সুসংহত নয়৷’
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের তথ্য ও গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা মো. আবু তৈয়ব৷