গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুসংহত গণতন্ত্রের জন্য গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে হবে। আজ রোববার রাজধানীর একটি হোটেল ‘আজকের পত্রিকা’র লোগো উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী নেতা দরকার হয় না; প্রয়োজন শক্তিশালী গণমাধ্যম। শক্তিশালী গণমাধ্যম আমাদের সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। গণমাধ্যমকে হতে হবে স্নেহময়ী মায়ের মতো। গণমাধ্যম গণতন্ত্রের দর্পণ। এই দর্পণ সব সময় পরিষ্কার-স্বচ্ছ রাখতে হবে। এ দায়িত্ব গণমাধ্যমকর্মীদেরও রয়েছে। গণমাধ্যম খণ্ডিত তথ্যের বাহন হবে না; বস্তুনিষ্ঠতার ছাপ হবে। দেশমাতৃকার বাহন হবে। জঙ্গিবাদের উসকানিদাতা হবে না।

তথ্যমন্ত্রী বলেন, ‘সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, মিথ্যাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না—এ কথা পবিত্র কোরআনে আছে। মিথ্যাচার মানে সমালোচনা নয়। সমালোচনা চলে; খণ্ডিত তথ্য চলে না, ইতিহাস বিকৃতি চলে না। মিথ্যাচার ও গুজবের ছাপ থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন প্রমুখ।