গণতন্ত্রের জন্য নির্বাচন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে। আর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সঠিক পদ্ধতি বের করতে হবে। এ জন্য বড় রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। তারা নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে সেটা করতে পারে। আমি বিশ্বাস করি, একমাত্র আলোচনার মাধ্যমেই এ জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’
নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দি-চীন মৈত্রী কেন্দ্রে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন। এর আগে তিনি স্থানীয় নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থী ও স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি নারান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে হেঁটে বেড়ান। এ সময় নদীর প্রশস্ততা হ্রাস, ভরাট- দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নিউজ টুডে পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, মজীনার স্ত্রী গ্রেস মজীনা, স্থানীয় সাংসদ নুরুল মজিদ মাহমুদ, সাবেক নির্বাচন কমিশনার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। এরপর বেলা তিনটার দিকে মজীনা বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর এলাকায় আড়াই হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
এর আগে বেলা ১১টার দিকে নরসিংদী সার্কিট হাউস সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মজীনাকে অভ্যর্থনা জানানো হয়। জেলা প্রশাসক মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে মজীনা এ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আসাদোজ্জামান, পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ। এ সময় মজীনা ও তাঁর স্ত্রীকে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি ও লুঙ্গি উপহার দেন জেলা প্রশাসক। সকাল সোয়া নয়টার দিকে মজীনা নরসিংদীর একমাত্র বিনোদনকেন্দ্র ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করেন। সেখানে পার্কের মনোরম পরিবেশ দেখে মুদ্ধ হন তিনি এবং ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহাকে পার্কের উন্নয়নের জন্য আমেরিকা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।