বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বিপর্যস্ত। জনশিক্ষার অবস্থা শোচনীয়। গণতন্ত্রের এই বিপর্যয়ের জন্য কোনো একটি দল বা সরকার দায়ী নয়। সবাই দায়ী এবং গোটা রাজনৈতিক ব্যবস্থাই এর জন্য দায়ী।
‘শিক্ষা ও গণতন্ত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা জেসমিন চৌধুরী ট্রাস্টি বোর্ড ও আধুনিক ভাষা ইনস্টিটিউট গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে ২৩তম বারের মতো এ বক্তৃতার আয়োজন করে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সুশাসনের যে স্পৃহা, তা হতাশায় পরিণত হয়েছে। দেশের গণতন্ত্রের দুরবস্থার জন্য শিক্ষাব্যবস্থাই দায়ী। এখনো প্রায় অর্ধেক মানুষ নিরক্ষর। এটা রাষ্ট্রের ব্যর্থতা বলেও মনে করেন তিনি। ইংরেজ প্রবর্তিত শিক্ষাব্যবস্থা আমলাতান্ত্রিক শাসনের জন্য উপযুক্ত, গণতান্ত্রিক শাসনের জন্য নয়—এই মন্তব্য করে সৈয়দ আবুল মকসুদ বলেন, এ পদ্ধতিতে তৈরি আমলাশ্রেণী দিয়ে সুশাসন সম্ভব নয়। জনগণের সঙ্গে সম্পর্কহীন এ শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য চাকরির জন্য সনদ অর্জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘উচ্চশিক্ষিত হওয়ার পর আমাদের জনবিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজে বের করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, নাজমা জেসমিন চৌধুরী ছিলেন শিক্ষার্থীবৎসল শিক্ষক। তাঁর স্বল্প সময়ের জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা সবার জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সুলতান আহমদ, ইনস্টিটিউটের বাংলা ভাষা বিভাগের প্রধান রূপা চক্রবর্তী প্রমুখ।