
দেশে এখন গণতন্ত্রের নামে নির্বাচিত একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। গতকাল শনিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কি না, সেটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হতে হবে। কেননা, ভোটের বিষয়টি জনগণের সঙ্গে সম্পর্কিত। তাঁর মতে, বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোটের ব্যবস্থা রাখা উচিত।
শামসুল হুদা বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, নির্বাচন বর্জন করে কখনো কোনো দল লাভবান হতে পারেনি। ২০১৪ সালে নির্বাচন বর্জন না করে তাদের যে কাজটি করা উচিত ছিল তা করতে পারেনি। ফলে ওই নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছে। তাঁর মতে, যারা নির্বাচন বর্জন করেছিল, তাদের উচিত ছিল নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্তরা যোগ্য কি না, তাঁরা কোন অবস্থা থেকে এসেছেন এসব বিষয়ে আলোচনা করা। কিন্তু তাঁরা সেটা করেননি।
সাবেক এই সিইসি বলেন, এটা সত্য, দেশের অর্থনীতির অনেক সূচক এখন ইতিবাচক। তবে আরেকটি দিক হলো বাংলাদেশে দুর্নীতি ও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এমনকি মানুষের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট সংগ্রহ করতেও আজ ঘুষ দিতে হচ্ছে। তিনি বলেন, টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) প্রতিবেদনে দেশের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা খুবই সামান্য। মূল চিত্র আরও অনেক ভয়াবহ।
সুজনের সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান দলীয়করণের নানা উদাহরণ তুলে ধরে বলেন, দেশের সব জায়গায় দলীয়করণ। ফলে মেধাবী ও যোগ্যদের সঠিক জায়গায় বসানো হচ্ছে না। রাজনীতিতে পরমতসহিষ্ণুতা দেখা যায় না। এ প্রসঙ্গে তিনি গাজীপুরে বিএনপিকে জনসভা করতে না দেওয়াসহ বিভিন্ন উদাহরণ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, রোবায়েত ফেরদৌস, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।
সুজনের সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৮০০ কাউন্সিলর যোগ দেন। সেখানে একটি জাতীয় সনদের খসড়া অনুমোদন করা হয়। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ শুরু ও তাদের মধ্যে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চাপ সৃষ্টি করতে দেশব্যাপী জনমত গঠনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
সম্মেলনে সুজনের বর্তমান সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার একই পদে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হন। ১৮ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নির্বাচিত হন বিচারপতি এবাদুল হক। আর সহকারী সম্পাদক হিসেবে জাকির হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। কমিটির নতুন দুজনকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন আইনজীবী শাহদীন মালিক ও পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।