গণতন্ত্রের পথে সঠিকভাবে এগোচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক বিকাশের ক্ষেত্রে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। তবে স্থানীয় সরকার পর্যায়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে কিছুটা দুর্বলতা রয়েছে। মানবাধিকার পরিস্থিতিতেও সমস্যা আছে। এসব ক্ষেত্রে কাজ করতে হবে। সফররত জার্মান সংসদীয় প্রতিনিধিদলের নেতা ইয়ুর্গেন ক্লিমকে গতকাল সোমবার এ মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক প্রাতরাশ সভায় তিনি বাংলাদেশ সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। জার্মান পার্লামেন্ট বুন্দেসতাগের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক কমিটির ক্লিমকে ও নিওমে মোভাসাত এক সপ্তাহের সফরে ৭ এপ্রিল বাংলাদেশে আসেন। জার্মানির উন্নয়ন-সহায়তা কীভাবে কাজে লাগানো হচ্ছে তার মূল্যায়ন এবং আগামী দিনের সহায়তার বিষয়টি ঠিক করা তাঁদের সফরের মূল উদ্দেশ্য। বাংলাদেশ অবস্থানের সময় তাঁরা বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার ছাড়াও অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন। ক্লিমকে বলেন, ‘স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে জার্মানির সঙ্গে কাজ করে—এমন কিছু সাহায্য সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কথা বলেছি। তাদের সঙ্গে আলোচনা থেকে বুঝতে পেরেছি, প্রতিষ্ঠানগুলোর কিছু সমস্যার ব্যাপারে তাঁরা জানেন।’মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে তিনি বগুড়া সফরের বিষয়টি উল্লেখ করেন। জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সদস্য বলেন, কারাগারের একটি কক্ষে ৯০ জন লোক গাদাগাদি করে থাকছে। যাঁদের শোয়ার ব্যবস্থা নেই, অন্যান্য ন্যূনতম অধিকারও নেই। কাজেই মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য যথেষ্ট কাজ করতে হবে।