বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেছেন, সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। তাই দেশে এখন আর গণতন্ত্র নেই। তার বদলে দেশে চুরিতন্ত্র কায়েম হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার শহীদ মিনারে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আহসান খান এ কথা বলেন।মনজুরুল আহসান খান বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বাম ঘরানার শক্তিগুলোকে একত্রিত হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘এ সরকার মানুষের চাহিদা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গ্যাস-পানি আর বিদ্যুৎসংকট মোকাবিলায় ব্যর্থতার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে তারা বরাবরই ব্যর্থ হয়েছে।’কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি জিয়া হায়দারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, লক্ষ্মী চক্রবর্তী, মন্টু চন্দ্র ঘোষ, রথিন চক্রবর্তী, দুলাল সাহা, রফিউর রাব্বি, আবদুর রহমান ও এ বি সিদ্দিক।