বাংলাদেশের গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন। সাড়ে পাঁচ বছর বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে ফ্রোয়েন বলেন, অন্য অনেক দেশের চেয়ে এ দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। এ দেশে গণতন্ত্রের বিকাশে গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করছে। তবে বর্তমান সংসদের সমালোচনা করেছেন বিদায়ী এ রাষ্ট্রদূত। গতকাল রোববার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে তাঁর মন্ত্রণালয়ে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রোয়েন এসব কথা বলেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বর্তমান সংসদ দেশের মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করছে না। তিনি বলেন, বাংলাদেশে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে ইইউর কোনো ভূমিকা ছিল না। তারা ওই ঘটনায় কোনো সমর্থন দেয়নি বা হস্তক্ষেপও করেনি। তবে তিনি স্বীকার করেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সে সময় তারা কিছু উপদেশ দিয়ে ছিল মাত্র।