গণতন্ত্রের বিকাশে সেনাবাহিনী ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্রের পূর্ণ বিকাশে দৃঢ় প্রত্যয়ী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন। গতকাল সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরের কনফারেন্স হলে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১১-এর উদ্বোধনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী যাঁরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও দেশপ্রেমিক নেতা, যাঁরা দক্ষ সেনাবাহিনী গড়ে তুলতে বিশেষ অবদান রাখবেন, গণতন্ত্রকে সুসংহত করবেন এবং দেশের উন্নতির জন্য সরকারকে সহায়তা করবেন, তাঁদের নির্বাচিত করতে আহ্বান জানান।ছয় দিনব্যাপী এ নির্বাচনী পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেলে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হবে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।দেশসেবায় সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সব সময়ই জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়, শাসক হিসেবে নয়।’ এর আগে শেখ হাসিনা সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন ও সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আব্দুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান।সশস্ত্র বাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীতে কয়েকটি ইউনিট, ব্রিগেড ও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা, প্রশিক্ষণের মান বৃদ্ধি এবং সার্বিক আর্থসামাজিক কল্যাণে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই সশস্ত্র বাহিনীতে সর্বপ্রথম নারী কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা করা হয়।প্রধানমন্ত্রী খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতি ও সেনাবাহিনী ফোর্সেস গোল-২০৩০ নির্ধারণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর জন্য এরই মধ্যে একটি এডি রেজিমেন্ট প্রতিষ্ঠা ও গভ টু গভ ডিলের মাধ্যমে দেড় শতাধিক এপিসি ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সে সঙ্গে সেনাবাহিনীর এসপি রেজিমেন্টের জন্য এসপি গান ক্রয়, অত্যাধুনিক অ্যামুনিশন ল্যাব, এমবিটি ২০০০-চায়না মডেলের ৪৪টি ট্যাংক ও শান্তিরক্ষা মিশনের জন্য হেলিকপ্টার ক্রয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের পূর্ব সীমান্ত সুরক্ষার জন্য রামুতে একটি ব্রিগেড গ্রুপের জন্য স্থায়ী নিবাস ও অভিযানিক বিন্যাস সম্পন্ন করা হয়েছে এবং বিমানবাহিনীর জন্য মিগ-২৯ সংগ্রহ করা হয়েছে। কক্সবাজারে একটি অগ্রবর্তী ঘাঁটি নির্মাণের কাজ চলছে।শেখ হাসিনা বলেন, চলতি বছর সেনাবাহিনীর জন্য ছয় হাজার ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ বেশি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম করিম, প্রতিরক্ষাসচিব খন্দকার আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।