গণতন্ত্রের বিচ্যুতি জনগণ মেনে নেবে না: আকবর আলি খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। ছবি: ফোকাস বাংলার সৌজন্যে
জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। ছবি: ফোকাস বাংলার সৌজন্যে

৫ জানুয়ারির নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কথা ইঙ্গিত করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে স্বস্তির কোনো কারণ নেই। গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ মেনে নেবে না।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বাংলাদেশে গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় আকবর আলি খান এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘বর্তমান সমস্যার সমাধান না হলে, অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হবে। তবে তা আজ হবে, না কাল হবে—জানি না।’
আলোচনা সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান। তিনি বলেন, উন্নয়ন প্রক্রিয়ার ধারা অব্যাহত রাখার জন্য দেশের শাসনব্যবস্থায় নাকি সরকার অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। এই ‘সরকার অব্যাহত রাখার’ কথাটি উদ্বেগজনক।
রওনক জাহান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যেসব নীতি সুফল বয়ে আনে, তার ধারাবাহিকতা রক্ষার প্রয়োজন আছে। তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই ভোটের মাধ্যমে ঠিক করবেন তাঁরা কোনো সরকারকে অব্যাহত রাখবেন, না পরিবর্তন করবেন।

বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো নাগরিকের প্রতিনিধি পছন্দ করার অধিকার ও কর্তৃত্ব। তিনি বলেন, ‘দশম সংসদ নির্বাচনের পর সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রধান দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে আরেকটি সংসদ নির্বাচন। এমন একটি নির্বাচনের ব্যবস্থা করাটা সরকারের প্রতিনিধিত্বমূলক স্বীকৃতির জন্য প্রয়োজন। এ সমস্যা আমাদের গণতন্ত্রের যাত্রাকে প্রতিনিয়ত বিচ্যুত করছে। তবে আমি মনে করি না, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করলেই সব সমস্যার সমাধান হবে। এর জন্য আমাদের প্রধান কাজ হবে নির্বাচনী গণতন্ত্রের “গণতন্ত্রীকরণ” করা।’
সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিচারপতি কাজী এবাদুল হক, আওয়ামী লীগের সাবেক নেতা অধ্যাপক আবু সাইয়িদ, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর, সাবেক সাংসদ হুমায়ুন কবির, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।