গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এরশাদের উদ্বেগ
দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘বর্তমানে দেশে সংঘাতময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই দেশের অনেক প্রত্যাশিত গণতন্ত্রের অজানা ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছি।’
১৯৮৬ সালের ১০ নভেম্বরকে ‘গণতন্ত্র দিবস’ উল্লেখ করে গতকাল শনিবার এক বিবৃতিতে এরশাদ এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে এরশাদ ১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসনের অবসান ঘটিয়ে জাতীয় সংসদে নিজের দেওয়া একটি বক্তৃতার কথা উল্লেখ করেন। এরশাদ বলেন, ‘দেশবাসীর হয়তো মনে পড়বে, সেদিন আমি সামরিক শাসনের অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার লক্ষ্যে বলেছিলাম, জনগণের প্রত্যাশিত গণতন্ত্রের ভিত আজ রচিত হলো, যা কেউ কোনো দিন নস্যাৎ করতে পারবে না।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয়, আমার শাসনামলের পর গণতান্ত্রিক শাসন নামে মাত্র বহাল থাকলেও গণতান্ত্রিক আচার-আচরণ-পরিবেশ ২২ বছর ধরে বিঘ্নিত হয়ে আসছে। গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমার শাসনামলের পর এ পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।’ তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মত ও পথের পার্থক্য থাকবেই, তবে সেটা সংঘাতে পর্যবসিত হতে পারে না। বিবৃতিতে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির মাধ্যমে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, সে গণতন্ত্রকে নিষ্কণ্টক রাখতে আমি আজীবন সংগ্রাম করে যাব। গণতন্ত্র দিবসের মর্যাদা আমরা রক্ষা করবই।’