গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে লন্ডনে আলোচনা আজ
ব্রিটেনের মানবাধিকার-বিষয়ক পার্লামেন্টারি গ্রুপের আয়োজনে আজ সোমবার বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক গ্রুপের উদ্যোগ ও আমন্ত্রণে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নে দেশটির দুই প্রধান দলের প্রতিনিধিদের মধ্যে সম্ভবত এটিই হবে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। নির্বাচনের আগে ২০১২ সালের ডিসেম্বর এবং গত বছরের মে মাসে এ রকম দুটি আলোচনায় উভয় দলের প্রতিনিধিরা সংলাপে মিলিত হওয়া এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন।
হাউস অব লর্ডসের একটি কমিটি কক্ষে এ সেমিনারে সভাপতিত্ব করবেন ব্রিটিশ পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাভবেরি। সেমিনারে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ।
এতে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যসহ হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।