গণতন্ত্রের ভাষায় কথা বলতে খালেদা জিয়ার প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দলের নেতাদের গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই আহ্বান জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তাঁর পারিষদেরা উসকানিমূলক, ভিত্তিহীন, অশোভন ও অরুচিকর বক্তব্য দিচ্ছেন। অসৎ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নির্লজ্জের মতো মিথ্যাচার করছেন। তাঁরা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে গণতান্ত্রিক উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চান। হানিফ বলেন, হুমকি-ধমকির দিন মনে হয় অনেক আগে শেষ হয়ে গেছে। কোনো অসাংবিধানিক ও অন্যায্য দাবি আওয়ামী লীগের কাছ থেকে আদায় করা যাবে না। দিনাজপুরে গত রোববার জনসভায় দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপির নেত্রী মহাজোট সরকারকে দুর্নীতিবাজ বলে যে কটাক্ষ করেছেন, এর পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘আমরা সবিনয়ে বেগম জিয়াকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রী থাকাকালে আপনি কীভাবে ৩৫ লাখ টাকা জরিমানা দিয়ে কালোটাকা সাদা করেছিলেন? আপনি কী করে অন্যকে দুর্নীতিবাজ বলেন? যাঁর ছেলের বিরুদ্ধে এফবিআই অর্থ পাচার মামলায় সাক্ষ্য দেয়, শুধু দেশেই নয়, আমেরিকা ও সিঙ্গাপুরের আদালতেও যাঁর ছেলেদের দুর্নীতির দায়ে বিচার হয়, তাঁরা কোন মুখে অন্যদের সম্পর্কে এমন প্রলাপ বকেন।’পদ্মা সেতু প্রসঙ্গে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘আপনি বলছেন, ১০ মাস সময় নষ্ট হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদ্মা সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে রেখেছিল। আপনারা পরবর্তী পাঁচ বছর পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে কী করেছেন? এখন মায়াকান্না করতে লজ্জা লাগে না?’ খালেদা জিয়ার ‘মহাজোট মহাচোর’ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘তাঁর আমলে সীমাহীন লুটপাট হয়েছে, দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তিনি নিজেই এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, তাঁর দুই ছেলে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের মুখে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না।’ আগাম নির্বাচনের সম্ভাবনা প্রত্যাখ্যান করে হানিফ বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে।