গণতন্ত্রের স্বার্থে টক শো টিকিয়ে রাখা উচিত
দেশের গণতন্ত্র সুষম বিকাশের জন্যই টেলিভিশনের টক শো টিকিয়ে রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টক শো জনগণকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে, জনগণের চোখ খুলে যায়। দু-একজন বক্তা টক শোকে ‘মিনি পার্লামেন্ট’ বলেও উল্লেখ করেছেন।
আজ বৃহস্পতিবার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘টক শো’র ক্রিয়া-প্রতিক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন মত দেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘টক শো বন্ধ করার চিন্তা সরকার করছে, এটা আমি মনে করি না। তবে সবকিছুর একটা নিয়মকানুন, নীতিমালা থাকা উচিত। এখানে সেটা করা হবে হয়তো।’ তিনি বলেন, ‘আমি একটা টক শোতে নায়ক ইলিয়াস কাঞ্চনকে বললাম, আপনি নায়ক মানুষ। কোথাও গেলে অনেক মানুষ জড়ো হয়। আমার চেহারাও নায়কের মতো, কিন্তু নায়ক হতে পারিনি। তবে টক শোতে অংশ নেওয়ার কারণে অনেক লোক আমাকে চিনছে, সালাম দিচ্ছে।’ এরপর শাজাহান খান টক শোর জন্য কয়েকটা প্রস্তাবনা দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণ শঙ্কিত। গণতান্ত্রিক দেশে পক্ষ-বিপক্ষ থাকবেই। সংবিধানে গণতন্ত্রের যে জায়গা আছে, তাতে যদি সরকার বাধা না দেয় তাহলে টক শো সার্থক হবে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা যারা এখানে উপস্থিত কাউকে কিন্তু তরুণ প্রজন্ম চিনে না। কারণ টক শোতে জ্ঞানভিত্তিক আলোচনা হয় না। টক শোর উপস্থাপককে বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে এবং আমাদেরও জ্ঞানভিত্তিক আলোচনার ওপর জোর দিতে হবে।’
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, এখন কথা মুখে আসছে না। আসলে রাত ১১টার আগে মাথাটা খুলতে চাচ্ছে না। তিনি বলেন, আগে গ্রামে-গঞ্জে মাতব্বরের কথায় ভোট হতো। কিন্তু টক শোর কারণে মানুষের চোখ খুলে গেছে। এটা এখন মিনি পার্লামেন্ট। এ জন্য একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কোনটা বলা যাবে কী যাবে না, সেটা নির্ধারণ না করে আলোচনা ইতিবাচক ধারায় নিয়ে যেতে হবে। টক শোর আলোচকদের দলীয় সীমাবদ্ধতার বাইরে আসারও আহ্বান জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষক মীজানূর রহমান শেলী বলেন, সংসদের বাইরে যখন সক্রিয় বিরোধী দল, তখন টক শোর প্রয়োজনীয়তা আছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী বলেন, যখন দেশে গণতন্ত্র থাকে না তখন টক শোর মতো অনুষ্ঠান বিস্তৃত হয়। বর্তমানে টক শো এ কারণে জনপ্রিয়। টক শোতে কথা বলার জন্য টেলিভিশন চ্যানেল নয় সংশ্লিষ্ট আলোচককে সব দায়ভার নিতে হবে বলে মনে করেন তিনি।
ইংরেজি দৈনিক নিউএজ-এর সম্পাদক নূরুল কবীর বলেন, কথা কোনো সাধারণ বিষয় নয়। শেক্সপিয়ার বলেছেন, কথা কখনো ব্লেডের মতো ধারালো হতে পারে। তাই কথা বললে, কথার প্রতিক্রিয়া হবেই। তবে বিরোধী দল কার্যকর না থাকায় কিছু কিছু টক শোর আলোচকের নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। যেসব আলোচক টক শো চলাকালীন ৩৩ ভাগের নিচে ভোট পাবেন, তাঁদের আলোচনায় আনা উচিত না বলে মনে করেন তিনি। তবে শাজাহান খান বলেন, টক শোর আলোচকদের মার্কিং থাকা উচিত না।
বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, ‘টক শো থাকার কারণে প্রধান দুই দলের বাইরে আমাদের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।’
সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ টক শোর আলোচকদের উদ্দেশে বলেন, সে-ই ভদ্রলোক, যে ব্যক্তির কর্ম নিয়ে কথা বলেন ব্যক্তি নিয়ে নয়। এ দায়িত্ব শুধু উপস্থাপকের নয়, যিনি অতিথি তাঁরও।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান বলেন, আবেগকে পুঁজি করে যাঁরা আন্দোলন করেন ও কথা বলেন তাঁদের জনগণ বাদ দেয়। তাই এখন গণজাগরণ মঞ্চে কেউ যায় না।
মনোবিজ্ঞানী মেহতাব খানম টক শোর আলোচকদের উদ্দেশে বলেন, টক শোর আলোচকদের হতাশা সহ্য করার ক্ষমতা বাড়াতে হবে। দুই নেত্রীর কথা যেহেতু সবাই শোনে, এ জন্য তাঁদের শব্দচয়ন আরও ঠিক করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লার সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আনিসুল হক, সাবেক সাংসদ আখতারুজ্জামান, হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার, আইনজীবী তুহিন মালিক, সাংসদ ইসরাফিল আলম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও উপস্থাপক জিল্লুর রহমান।