মানুষের জন্য ফাউন্ডেশনের দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী
গণতন্ত্রের স্বার্থে সামাজিক জবাবদিহি গুরুত্বপূর্ণ
সরকারের সেবা কর্মসূচির জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন এগিয়ে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সামাজিক জবাবদিহি।
গতকাল রোববার রাজধানীতে সামাজিক জবাবদিহিবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তারা এই অভিমত দিয়েছেন।
অন্যদিকে, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী মনে করেন, সরকারের জবাবদিহি নিয়ে যখন বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোর প্রশ্ন, তখন তাদের কাজেরও জবাবদিহি নিশ্চিত করা উচিত।
বেসরকারি সাহায্য সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
গওহর রিজভী বলেন, জনগণের রক্ষক হিসেবে নিজেদের জবাবদিহি নিশ্চিত করতে সরকারের জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো এ ধরনের আরও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সৃষ্টি করা উচিত।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জনগণের জীবনযাত্রার উন্নতি না হলে সরকারের নেওয়া পদক্ষেপ যতই সৃজনশীল ও আকর্ষণীয় হোক না কেন, শেষ পর্যন্ত তা অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে।
সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোরও নিজেদের কর্মসূচিতে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ ব্যাপারে বিশ্বব্যাংকের প্রসঙ্গ টেনে গওহর রিজভী বলেন, বিশ্বব্যাংক সরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক জবাবদিহির ওপর গুরুত্বারোপ করে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকেরও নিজের কাজের জবাবদিহি নিশ্চিত করা উচিত।
গবেষণা সংস্থা পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন এগিয়ে নেওয়ার এক অন্যতম অনুষঙ্গ। এটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ারই একটি অংশ, বিশেষ কোনো সেবাব্যবস্থা নয়।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, সামাজিক দায়বদ্ধতার মূল লক্ষ্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন।
বিশ্বব্যাংকের এদেশীয় পরিচালক জোহানেস জুট বলেন, জনগণের সম্পদ ব্যবহার করে এমন সব সরকারি প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে।
অস্ট্রেলিয়ার সাহায্য সংস্থা অসএইডের কাউন্সেলর প্রিয়া পাওয়েল বলেন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন বাংলাদেশের জন্য এখনো চ্যালেঞ্জ হয়ে আছে।
শাহীন আনাম বলেন, সামাজিক জবাবদিহির মূল লক্ষ্যই হচ্ছে সরকারের সেবামূলক কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করা।