গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন হওয়া উচিত। নির্বাচনটা হতে হবে ঘোষিত তফসিল অনুযায়ী, যেখানে অংশ নেবে সম্ভাব্য সবচেয়ে বেশিসংখ্যক দল। সম্প্রতি ঢাকা সফরের সময় দিল্লির এ বার্তাই খুব স্পষ্ট করে জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং।

সুজাতা সিংয়ের সফরের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকার কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা বলেছেন। সংক্ষিপ্ত সফর শেষে গতকাল সকালে দিল্লি ফিরে গেছেন ভারতের পররাষ্ট্রসচিব।

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোর গণতন্ত্র ও নিরাপত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মনে করে ভারত। তাই এক দেশের পরিস্থিতি সম্পর্কে অন্য দেশের নির্বিকার থাকার সুযোগ নেই। এই অঞ্চলের গণতন্ত্র ও স্থিতিশীলতার সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কিত। নির্বাচনের আগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিন দেশে পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে পাঠিয়ে এ বার্তাই দিয়েছে দিল্লি।

ঢাকা সফরে সুজাতা সিং বাংলাদেশের রাজনীতিবিদ ও কর্মকর্তাদের স্পষ্টভাবেই জানান, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে অবহিত হয়েই এসেছেন তিনি। আর প্রধানমন্ত্রী তাঁকে বিশেষ বিমানে ঢাকায় পাঠিয়েছেন।

দিনের প্রথম ভাগের একটি আলোচনায় সুজাতা মন্তব্য করেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকুক—এমনটাই চায় ভারত। এ প্রসঙ্গে তিনি নেপালের প্রসঙ্গ তুলে বলেন, একটি দল নির্বাচন বর্জনের হুমকি দিলেও শেষ পর্যন্ত সেখানে নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে এ নির্বাচন অপরিহার্য ছিল।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুজাতা সিংয়ের বুধবার দুপুরের বৈঠকটির শুরুতে মিনিট বিশেক দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর কর্মকর্তারা বের হয়ে যান। পরে প্রায় ৪০ মিনিট একান্তে বৈঠক করেন শেখ হাসিনা ও সুজাতা সিং। ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীকে বেশ নির্ভার দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রসচিবের একান্ত বৈঠকের বিষয়টি শুধু ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন আগে থেকে জানতেন।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের প্রত্যাশা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলোচনায় স্পষ্ট করেছেন সুজাতা সিং। এরশাদকে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে যদি অন্য কোনো দল জয়ী হয়, তবে জামায়াতে ইসলামীর উত্থান হবে। এ ছাড়া সন্ধ্যায় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ভারত ‘সব দলের অংশগ্রহণে’ নির্বাচন দেখতে চায় কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব ‘সর্বোচ্চসংখ্যক দলের অংশগ্রহণের’ কথা বলেন।

পক্ষান্তরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায় ‘অংশগ্রহণমূলক’ কিংবা ‘সব দলের অংশগ্রহণে’ নির্বাচনের ওপর তাগিদ দিয়ে আসছে। এ ছাড়া নিরাপত্তাজনিত সহযোগিতার প্রেক্ষাপটে বর্তমান সরকারের সঙ্গে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে স্বস্তিদায়ক সম্পর্ক থাকার কথাও খুব স্পষ্টভাবেই তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব।

দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর ওয়াশিংটনে যাওয়ার কথা রয়েছে সুজাতা সিংয়ের। ওই সফরে রাজনীতিবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এসব বৈঠকে তিনি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।