অষ্টগ্রামে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি
গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করতে হবে

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ ও পার্থক্য থাকা স্বাভাবিক। তবে সবার দায়িত্ব হবে গণতান্ত্রিক রীতিনীতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করা। তিনি গতকাল সোমবার বিকেলে হাওরের রানি হিসেবে পরিচিত অষ্টগ্রাম উপজেলা পাইলট স্কুলের খেলার মাঠে এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন।
সংবর্ধনা কমিটির সভাপতি মাওলানা রৌশন আলী খান আশরাফীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন, স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ, জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জাতীয় পার্টির জালাল উদ্দিন, জিপি বিজয় শংকর রায়, কমিউনিস্ট পার্টির নির্মলচন্দ্র সাহা রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, পিপি শাহ আজিজুল হক, গণতন্ত্রী পার্টির দেবপদ চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা হামিদও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে চড়াই-উতরাই দেখেছি। অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণ মানুষই সবচেয়ে বড় বন্ধু। হাওরের সাধারণ কৃষক, জেলে, ছোট ব্যবসায়ী এবং গ্রামের সহজ-সরল মানুষ মিথ্যা কথা বলে না। তাদের মধ্যে লোভ নেই, তারা অন্যায় করে না। তাই তাদের অকুণ্ঠচিত্তে শ্রদ্ধা জানাই।’ তিনি রাষ্ট্রপতি হিসেবে অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারেন, এ জন্য সবার দোয়া কামনা করেন।
হাওরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই হাওর পশ্চাৎপদ। প্রকৃতির সঙ্গে নিরন্তন সংগ্রাম করে হাওরবাসীকে বেঁচে থাকতে হয়। তিনি হাওরের বঞ্চিত মানুষের পাশে মানবতার ও সহযোগিতার হাত প্রসারিত করার জন্য এলাকার বিত্তবান লোকদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। টিকে থাকতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। এ জন্য প্রয়োজন মন দিয়ে লেখাপড়া করা, অক্লান্ত পরিশ্রম আর কঠোর অধ্যবসায়। কারণ, আগামী দিনের নেতৃত্ব তোমাদেরই নিতে হবে।’
রাষ্ট্রপতির ছেলে গত ৩ জুলাই উপনির্বাচনে নির্বাচিত সাংসদ রেজওয়ান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘বাবা এ আসন থেকে সাতবার নির্বাচিত হয়েছেন। আমি তাঁর সামনে হাওর সম্পর্কে বললে তা হবে মার কাছে মামার বাড়ির গল্প। তাই হাওরের উন্নয়নে রাষ্ট্রপতি লক্ষ রাখবেন—এটাই প্রত্যাশা করছি।’