গণতান্ত্রিক অধিকার বিসর্জনের চক্রান্ত সফল হবে না: মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার বিসর্জন দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যারা দেশকে নিয়ে যেতে চায়, তাদের চক্রান্ত সফল হবে না। তিনি বলেন, এ দেশে আইনের শাসন, সাংবিধানিক শাসন ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠাই হলো আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্য।
আজ শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
আইনজীবীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘আমি বলতে চাই, আত্মকলহ ও আত্মতুষ্টি দুই-ই ভয়াবহ। যুদ্ধাপরাধীদের বিচারে আমরা দেশবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এ প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয়, তাহলে আত্মকলহ, অন্তঃকোন্দল—এসব বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে।’
বিরোধী দলের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে এতগুলো নির্বাচন হলো। নির্বাচনের আগে বিএনপির একটা অজুহাত থাকে “মানি না, মানব না”। জিতে গেলে “শুনি না, শুনব না”।’ তিনি বলেন, ‘চারটি সিটি করপোরেশন নির্বাচনের সকালবেলার টেলিভিশনের ভিডিও ক্লিপগুলো খুললে দেখবেন, কী বক্তব্য দিয়েছেন তাদের নেতারা।’
সম্মেলনে আইনজীবী সমিতি নির্বাচনের ফল বিপর্যয়ের জন্য নিজেদের বিভেদ ও মতপার্থক্য তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, যেকোনো সম্মেলন সংগঠনকে গতিশীল করার জন্য আবশ্যক। সম্মেলন হলে সংগঠনে স্বতঃস্ফূর্ততা ও গতিশীলতা আসে। এ মুহূর্তে বড় প্রয়োজন ঐক্যের। বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তাঁরা।
পরিষদের সভাপতি ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘এখানে অনেকে বলেছেন বিপর্যয়ের কথা। চার সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয়লাভ করতে পারিনি। তার মানে কি জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে?’ তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায়, যারা ক্ষমতায় থাকে, তাদের মধ্যে একটা ধীরগতি ভাব। মনে করে এমনিতেই পাস করব। তবে কাজ করতে হয়।’ এ সময় তিনি পরিষদের সম্মেলনের মাধ্যমে কোনো রকম বিভেদ ও অনৈক্য যেন না হয়, সে জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি আবদুল হালিম। এতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউর রহমান, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবু, এ কে এম ফজলুল হক খান ফরিদ প্রমুখ বক্তব্য দেন।
আয়োজকেরা জানান, দ্বিতীয় পর্বে সাংসদ নুরুল ইসলামকে পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি ও আইনজীবী মো. মাহবুব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।