সরকারকে গণতান্ত্রিক অধিকার হরণ না করে সন্ত্রাস দমনের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি রাজনৈতিক দলগুলোকে মানুষের জীবন বিপন্ন না করে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। রাজনীতির নামে মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ, মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা নেওয়া ও যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এ সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চ। এ সময় সংগঠনটির আগের ছয় দফা দাবিও উল্লেখ করা হয়।
‘পুড়ছে বাংলাদেশ, পুড়ছে মানবতা, ঐকবদ্ধ প্রতিবাদ রুখতে পারে সন্ত্রাস’ শীর্ষক গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গতকাল থেকে দেশব্যাপী শুরু হয়েছে। এ তথ্য উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় শাহবাগে ‘জাগরণযাত্রা’, সহিংস রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করা না হলে সেদিন থেকে শাহবাগে টানা অবস্থান, ৬ ফেব্রুয়ারি বিকেল তিনটায় শাহবাগ থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত ‘মুক্তির অভিযাত্রা’ কর্মসূচি পালিত হবে।
এ সময় লিখিত বক্তব্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে ক্ষমতা ও রাজনীতিকেরাই মূলত রাজনীতির বিষয়বস্তু, জনগণ বা তাদের প্রয়োজন কোনো বিষয় নয়। সরকার বা প্রশাসনযন্ত্র এ ধরনের অপরাজনীতি নিয়ন্ত্রণে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না।
সরকারের উদ্দেশে ইমরান বলেন, ‘সারা দেশ আজ বার্ন ইউনিটে পরিণত হয়েছে। এখন পর্যন্ত হামলা-আক্রমণের যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষমতায় থাকতে হলে শুধু কথার ফুলঝুরি নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করুন। সন্ত্রাস দমন করুন, গণতান্ত্রিক অধিকার হরণ নয়। গণতন্ত্রে সন্ত্রাস ও সন্ত্রাসের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই।’ এ সময় তিনি অন্য দলগুলোকে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়ে বলেন, জামায়াত-শিবিরকে রক্ষার রাজনীতি বাদ দিয়ে সবাইকে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি মাহফুজা খানম, সাংবাদিক আবু সাঈদ খান, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।