জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আলি আবদুস সালাম ট্রেকি বলেছেন, গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। গত সোমবার নিউইয়র্কে স্পিকার আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ মন্তব্য করেন।স্পিকার আবদুল হামিদের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সংসদীয় দলের একটি প্রতিনিধি দল সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে সাধারণ পরিষদের সভাপতিকে অবহিত করা হয়। স্পিকার জানান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদীয় কমিটিগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণসহ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের আইনপ্রণেতাদের ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে সাধারণ পরিষদের সভাপতি ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনি জনগণের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে। জাতিসংঘের সদর দপ্তরে স্পিকার আবদুল হামিদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, আবদুল মোমিন তালুকদার, মো. ইসরাফিল আলম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।