গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্র শক্তিশালী করতে হলে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। এ জন্য মৌলিক গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের চল্লিশ বছর: প্রসঙ্গ গণতন্ত্র’ শীর্ষক সংলাপে আলোচকেরা এসব কথা বলেন। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট এ সংলাপের আয়োজন করে। ট্রাস্টের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গতকালের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। গণতন্ত্রচর্চার বর্তমান ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকেও শক্তিশালী করা দরকার। দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন বলেন, ‘আমাদের রাজনীতি সংঘাতপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে কোনো সমস্যার সমাধান হবে না। গণতন্ত্রের জন্য রাজনৈতিক সমঝোতা জরুরি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, রাজনৈতিক দলগুলোতে মনোনয়ন-প্রক্রিয়ায় ত্রুটি আছে। নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিতে হবে রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে। নির্বাচনে ধনিক শ্রেণীর আধিপত্য কমাতে হবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার শক্তিশালী নির্বাচন কমিশন। প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার সমাধান না করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না উল্লেখ করে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা বলেন, ‘পার্বত্যাঞ্চল ৪০ বছর ধরে অবরুদ্ধ আছে। শান্তিচুক্তির আগে ওই অঞ্চলে যে অবস্থা ছিল, বর্তমানে সে অবস্থাই আছে।’