
বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন সমাজের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে ছিলেন প্রেরণার উৎস। হিন্দু সম্প্রদায়ের নারীদের অধিকার আদায়ে হিন্দু আইন সংশোধনে ছিলেন সরব। নারীর সম-অধিকার প্রতিষ্ঠাতেও প্রয়াসী হয়েছিলেন তিনি।
গতকাল শুক্রবার ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব মন্দির আঙিনায় প্রয়াত বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্যের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মন্দির পরিচালনা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি নিম চন্দ্র ভৌমিক, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও দেবেশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্যসচিব বাসুদেব ধর ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।
দেবেশ চন্দ্র ভট্টাচার্যের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে এম এ মালেক বলেন, বিচারপতি দেবেশ অহিংসার নীতিতে বিশ্বাস করতেন। তিনি সব ধর্মের ঊর্ধ্বে থেকে এই জাতিকে বাঙালি জাতি হিসেবে চিন্তা করতেন। ছিলেন জাতির একজন শ্রেষ্ঠ সন্তান।
নিম চন্দ্র ভৌমিক বলেন, আইনজীবী ও বিচারক হিসেবে দেবেশ চন্দ্র ভট্টাচার্য সমাজ ও রাষ্ট্রসহ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন প্রথম কাতারে। মুক্তিযুদ্ধেও তাঁর অবদান কম ছিল না।
বাবার স্মৃতিচারণা করতে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেকোনো সংকটের সময় তাঁর বাবা আশার কথা শোনাতেন। ষাটের দশকে ধর্মীয় সংখ্যালঘুরা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তাঁর বাবা পরিবর্তনের আভাস দিয়েছেন। আশার কথা শুনিয়েছেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বাধীনতাযুদ্ধের সময়ও বিচারপতি দেবেশ চন্দ্র বলেছেন, দেশ একদিন স্বাধীন হবেই। বঙ্গবন্ধুর হত্যার
বিচার হওয়ার ব্যাপারেও তাঁর আস্থা ছিল।
মোস্তাফিজুর রহমান বলেন, গণতান্ত্রিক আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িকতার আদর্শ বিচারপতি দেবেশ চন্দ্রের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তিনি শোষণের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন।
জীবন কানাই দাস বলেন, দেশ ও সমাজকে দেওয়ার যে অপরিসীম আগ্রহ ছিল, দেবেশ চন্দ্র ভট্টাচার্য তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রকাশ করে গেছেন।
বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ১৯১৪ সালের ৩ নভেম্বর টাঙ্গাইলের এলেঙ্গার ঐতিহ্যবাহী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন ১৯৭২ সালে। ১৯৭৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হন। ১৯৭৭ সালে অবসর নেন। ২০০৪ সালের ২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।