গণতান্ত্রিক কাঠামোয় জনগণের আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক ও নিরাপত্তা-সম্পর্কিত বিষয়ে ঢাকা ও টোকিওর মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে সংলাপ জোরদার করা এবং পররাষ্ট্রসচিব পর্যায়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনার কাঠামো গড়ে তুলতে আগ্রহী জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। 
গতকাল শুক্রবার টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। শিনজো আবের বাংলাদেশ ও শ্রীলংকা সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ সফরের সময় শিনজো আবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সংহত করে নেওয়ার বিষয়ে জাপানের পক্ষ থেকে সুনির্দিষ্ট বার্তা পৌঁছে দেবেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উল্লেখ করেন। সেই বার্তার বিষয়াবলীতে দ্রুত নতুন একটি নির্বাচনের আহ্বান থাকবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের জনগণই বিষয়টি ঠিক করবে। তবে জাপানের প্রত্যাশা, গণতান্ত্রিক কাঠামোয় জনগণের আকাঙ্ক্ষার যেন সঠিক প্রতিফলন ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ সফরে রাজনৈতিক ও নিরাপত্তা-সম্পর্কিত বিষয়ে জাপানি পক্ষ দুই দেশের মধ্যে নীতিনির্ধারণী পর্যায়ে সংলাপ জোরদার করা এবং পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপের একটি কাঠামো গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। ভৌগোলিক দিক থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সম্পর্কে জাপান আশাবাদী। আজ শনিবার ঢাকায় বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে এ বিষয়টিও প্রাধান্য পাবে। এ ছাড়া বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে জাপানের প্রতিশ্রুত ৬০০ কোটি মার্কিন ডলার সাহায্য যেসব খাতে খরচ করা হবে, সেই প্রকল্প চিহ্নিতকরণ এবং জাপান-বাংলাদেশ সরকারি ও বাণিজ্যিক খাতের সংলাপের মধ্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও দুই পক্ষ আলোচনা করবে।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী আকিয়ে আবেও বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশে স্বল্পকালীন অবস্থানের সময় ভিন্ন এক কর্মসূচিতে তিনি একটি মিশন স্কুল এবং নার্সিং প্রশিক্ষণ স্কুল পরিদর্শন করবেন।