গণতান্ত্রিক চেতনার উন্নয়ন খুব জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় বলেছেন, দেশের উন্নয়ন বলতে শুধু দালানকোঠার উন্নয়ন বোঝায় না; দেশের উন্নয়ন করতে হলে গণতান্ত্রিক চেতনার উন্নয়ন খুবই জরুরি।
গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অজয় রায় এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা ছাড়া সমাজ গণতান্ত্রিক হতে পারে না।
সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র ফ্রন্টের সম্মেলন শুরু হয়। পরে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক অজয় রায়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া আর গণতান্ত্রিক অধিকার সংকোচন করা এক সূত্রে গাঁথা। শুধু দালানকোঠার উন্নয়ন না করে গণতান্ত্রিক চেতনার উন্নয়ন খুব জরুরি। তিনি বলেন, সাম্প্রদায়িক চিন্তা মানুষে মানুষে বিভক্তি আনে। বিজ্ঞানমনস্কতা ছাড়া মানবিক বোধের বিকাশ ঘটবে না। তাই শিক্ষা আন্দোলনকে যুক্তি ও বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
অতিথিদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বৈষম্যমূলক সমাজে সবার জন্য সমান শিক্ষার অধিকার বাস্তবায়িত হতে পারে না। স্বাধীনতার পর দেশের বয়স যত বাড়ছে, মানুষে মানুষে বৈষম্য তত বাড়ছে। এর মূল কারণ পুঁজিবাদ, যা মানবিক বোধগুলোকে বিকৃত করে সবকিছুকে পণ্য বানায়। শিক্ষাও একটি পণ্যে পরিণত হয়েছে।
ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্তের সভাপতিত্বে সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক আবু সাঈদ খান বক্তব্য দেন। ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিবের সঞ্চালনায় এ সময় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ছাত্র ফ্রন্টের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইমরান হাবিবকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে সহসভাপতি আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক রাশিব রহমান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মণ, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন, স্কুল সম্পাদক সজল বাড়ৈ ও আন্তর্জাতিক সম্পাদক মনীষা চক্রবর্তী স্থান পেয়েছেন। বাকি ১১ জনকে সদস্য করা হয়েছে।
সম্মেলন শেষে সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থান ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।