গণতান্ত্রিক চেতনার ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদ ও সাংবাদিক নির্মল সেনের স্মরণসভায় গতকাল শনিবার বক্তারা বলেছেন, নির্মল সেনকে স্মরণ করে এ দেশের গণতান্ত্রিক চেতনার ধারাকে এগিয়ে নিতে হবে। অগণতান্ত্রিক-স্বৈরতান্ত্রিক বা যুদ্ধাপরাধী-ফ্যাসিস্ট শক্তির আগ্রাসনের বিপদ থেকে উত্তরণের জন্য বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে।
কমরেড নির্মল সেন স্মরণ জাতীয় কমিটি গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে নির্মল সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভার সভাপতি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘আমরা বর্তমানে যে বিপন্ন অবস্থায় বাস করছি, সে অবস্থায় নির্মল সেনের সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়ছে, “স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই”। আজও আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কেউ দিতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৪০-৪২ বছর পর এসেও আমরা আওয়ামী লীগের স্বেচ্ছাচারিতা, বিএনপির কপটতা, জামায়াতের সহিংস রাজনীতি আর এরশাদের মতো লম্পট রাজনীতিবিদ—সবকিছুকে মেনে নিয়েছি। আমরা নির্মল সেনকে স্মরণ করি বটে, কিন্তু কতটা তাঁকে অনুসরণ করি, তা দেখার বিষয়।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তা প্রহসন ছাড়া আর কিছুই নয়। এখন যত দ্রুত সম্ভব সমঝোতার ভিত্তিতে সবার অংশগ্রহণে নির্বাচন হতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, কারণ গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনারই অংশ।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় বলেন, নির্মল সেন সেই অল্প কয়েকজন মানুষের একজন, যাঁরা সাম্প্রদায়িকতা ও দ্বিজাতিতত্ত্বের চরম অভিঘাতের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে গেছেন।
স্মরণসভায় আরও বক্তব্য দেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, অর্থনীতিবিদ এম এম আকাশ, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঐক্য ন্যাপের নেতা এস এম এ সবুর, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।