গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশে নির্বাচন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভার বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা  l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
মন্ত্রিসভার বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

অন্যান্য গণতান্ত্রিক দেশে বিদ্যমান সরকারের অধীনে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এমন মনোভাব জানান।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনার একপর্যায়ে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ওঠে।
অনির্ধারিত আলোচনায় রাজধানীর আশকোনায় নারী জঙ্গির আত্মঘাতী হওয়া নিয়েও আলোচনা হয়। এ ছাড়া শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ও খোলা নিয়ে আলোচনা হয়। তবে পোশাক কারখানা খুলে দেওয়ায় স্বাগত জানিয়েছে মন্ত্রিসভা। কারণ বন্ধ থাকলে শ্রমিক ও মালিক সবার জন্যই সমস্যা।
আপটায় যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া: সভায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আপটা) দ্বিতীয় সংশোধনীর খসড়া অনুমোদন দেওয়া হয়। এতে নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে মঙ্গোলিয়া। নতুন দেশসহ আপটার সঙ্গে যুক্ত থাকা দেশের সংখ্যা হচ্ছে সাত। গতকালের মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান।
আপটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক একটি বাণিজ্য চুক্তি। ১৯৭৫ সালে ব্যাংককে এই বাণিজ্য চুক্তি সই হয়। পরে ২০০৫ সালে আপটা নাম হয়। ব্যাংককে সদর দপ্তর হলেও ব্যাংকক এর সদস্য নয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সদস্যভুক্ত সব দেশ এই খসড়ার অনুমোদন দিলে আগামী ১৩ জানুয়ারি দেশগুলোর মন্ত্রিপর্যায়ের বৈঠকে এই চুক্তি সই হবে। বর্তমানে আপটায় যুক্ত থাকা ছয়টি দেশ হলো বাংলাদেশ, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও লাওস।
চুক্তির আওতায় আপটার সদস্যভুক্ত দেশগুলো একে অপরের নির্ধারিত পণ্যের শুল্ক ছাড় দিয়ে থাকে। নতুন যুক্ত হতে যাওয়া দেশ মঙ্গোলিয়া ৩৩৩টি পণ্যের বিভিন্ন হারে শুল্ক ছাড় দেবে। খসড়ায় এ চুক্তির আওতায় শুল্কায়নের চূড়ান্ত নতুন তালিকা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে পোশাক খাত নিয়ে আলোচনায় আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেওয়ায় স্বাগত জানানো হয়।