বাংলাদেশে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই ইইউর প্রত্যাশা, অবাধ নির্বাচনের জন্য সংলাপের মধ্য দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধের নিষ্পত্তি হবে।
ঢাকা সফররত ইইউর একটি তথ্য অনুসন্ধানী দল গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময় করে। এ সময় প্রতিনিধিদল এ অভিমত দিয়েছে বলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিবের গুলশানের দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম আনা।
বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি খতিয়ে দেখতে ব্যালথাসার বেঞ্জের নেতৃত্বে ইইউর পাঁচ সদস্যের এই দলটি গত শনিবার দুই সপ্তাহের সফরে ঢাকায় এসেছে।
ব্রাসেলস থেকে আসা প্রতিনিধিদলটি সফরের প্রথম দিনে ইইউভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের কাছ থেকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।
গতকালের বৈঠকের পর রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইইউ প্রতিনিধিদল জানতে চেয়েছে। জাতীয় পার্টি মনে করে, রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চয়তার পথে এগোচ্ছে। এ পরিস্থিতিতে সংকট উত্তরণে নির্বাচিত ১০ জন সাংসদকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রস্তাবের বিষয়টি তাদের জানানো হয়েছে। প্রয়োজনে সবাই চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে জাতীয় পার্টির চেয়ারম্যান যে রাজি আছেন, সেটিও তাদের জানানো হয়েছে।
বৈঠকের সূত্র জানায়, ইইউ প্রতিনিধিদল জাতীয় পার্টির নেতাদের কাছে জানতে চায়, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে কি না? জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে নির্বিঘ্ন, হানাহানিমুক্ত ও নিরপেক্ষ করতে হলে পুলিশ, বিজিবি ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন। কারণ, অতীতের নির্বাচনগুলোতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে।
সেনা মোতায়েনের পক্ষে জাতীয় পার্টির তরফ থেকে যুক্তি দেওয়া হয়, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয় একাধিক দিনে। কিন্তু সংসদ নির্বাচন দেশজুড়ে একই দিন অনুষ্ঠিত হয়। এ প্রেক্ষাপটে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে জাতীয় পার্টি।