তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের সব মানুষ রাজনৈতিক সহিংসতার অবসান চায়। এ সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই আসতে হবে। যদি না আসে, তাহলে সচেতন দেশবাসী অতীতের মতো তাদের পথ বেছে নেবে। সেই প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক শক্তিরও আবির্ভাব হতে পারে। তবে তা প্রতিষ্ঠিত সরকারকে হটিয়ে অগণতান্ত্রিক পন্থায় আসা কোনো শক্তি নয়; গণতান্ত্রিক পন্থাতেই নতুন রাজনৈতিক শক্তি বের হয়ে আসতে পারে।
আজ শনিবার সকালে প্রথম আলো কার্যালয়ে ‘রাজনৈতিক সহিংসতা আর নয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা বলেন।
আকবর আলি খান আরও বলেন, নাগরিক সমাজ সোচ্চার হলেই রাজনৈতিক সহিংসতার সমাধান হবে না। কেননা, নাগরিক সমাজও রাজনৈতিকভাবে বিভক্ত।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা সুলতানা কামাল বলেন, নাগরিক সমাজ বিভিন্ন সময় অনেক উদ্যোগ নিয়েছে, অনেক কথা বলেছে। কিন্তু এ ব্যাপারে রাজনৈতিক নেতাদের কাছ থেকে কখনো সাড়া পাওয়া যায়নি; বরং প্রতিক্রিয়া পাওয়া গেছে। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত জাতীয় সংসদে বসে রাজনীতিকেরা যে ভাষায় কথা বলছেন, তারও প্রতিবাদ নাগরিক সমাজকে করতে হবে। তাঁদের কথার মধ্যে শুধু অশ্লীলতা নয়, আছে সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও হুমকি-ধমকিও।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সহিংসতার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। কারণ, অনেক বছর ধরে যেটা রাজনীতি, সেটাই ব্যবসা; যেটা ব্যবসা, সেটাই রাজনীতি। কাজেই কোনোভাবে ক্ষমতায় যেতে পারলে রাজনীতি ও ব্যবসা দুটোই হবে—এই হচ্ছে ভাবনা। এ কারণে এখন রাজনীতি হলো যে কোনো উপায়ে নির্বাচনে জেতার রাজনীতি। জিতলে প্রাপ্তি অনেক। না জিতলে সব হারানোর মতো ক্ষতি।
সাংসদ তারানা হালিম বলেন, দল আগে, না দেশ আগে, সেটা রাজনীতিকদের প্রথম বিবেচনা করতে হবে। রাষ্ট্রের স্বার্থের আগে দল চলে গেলেই প্রশ্ন আসে যেকোনোভাবে ক্ষমতা দখলের। তখন রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হয়। তিনি বলেন, বিশ্বজিত্ হত্যাকাণ্ড যেমন নিন্দনীয়, পুলিশের লোকদের হত্যা করাও তেমনি। সরকার বিশ্বজিত্ হত্যাকাণ্ডের বিচার করছে; পুলিশ হত্যার বিচারও হতে হবে। সেটা নিয়ে সমালোচনা হবে কেন। শুধু সরকারের সমালোচনা করাও একটা সহিংসতা।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্যের ক্ষতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গত এক বছরে আমদানি কমেছে। রপ্তানির লক্ষ্য অর্জিত হচ্ছে না। বিদেশি বিনিয়োগ কমেছে। দেশের ব্যবসায়ীরাও বিনিয়োগ করছেন না। তিনি বলেন, এই অবস্থা থেকে উত্তরণে পেশাজীবীরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো উদ্যোগ নিতে পারেন, তাহলে কার্যকর কিছু হতে পারে বলে তাঁর বিশ্বাস।
গোলটেবিল আলোচনার সূচনা বক্তব্যে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমাদের চোখের সামনে দেশটা বদলে যাচ্ছে। শান্তিপূর্ণ সহাবস্থানের দেশটাতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ছে। নির্বাচনের এই বছরের প্রথম তিন মাসে ১৭১ জন লোক মারা গেছে সহিংসতায়। তার পরও অনেক নৃশংস ঘটনা ঘটেছে। মানুষ মারা গেছে। ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর নির্যাতন হচ্ছে। আমরা এ রকম নৃশংসতা ও মৃত্যু দেখতে চাই না। এখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য জরুরি। এই দায়িত্ব প্রধানত রাজনীতিকদের। তাঁরাই দেশ চালাবেন। সরকার ও বিরোধী দল মিলে তাঁদের এই সমস্যার সমাধান করতে হবে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, শান্তিময় দেশ।’
গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।