গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শনিবার এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজীনা বলেন, বাংলাদেশে বড় দুই দলের মধ্যে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জাতিসংঘের মহাসচিব উভয় দলকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বলেছেন; রাজনৈতিক সহিংসতা পরিত্যাগ করতে বলেছেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।
শ্রীপুর উপজেলার সিংগারদীঘি এলাকায় অবস্থিত প্লেজ হারবার স্কুল ও স্পোর্টস একাডেমিতে ‘২০৪০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক ওই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মজীনার স্ত্রী গ্রেস মজীনা, মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইডের প্রতিনিধি রাডো মন্টিনো প্রমুখ।
রচনা প্রতিযোগিতায় ঢাকার গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের সামিহা মাহবুব প্রথম পুরস্কার লাভ করেছেন।