গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘাতের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল শনিবার এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজীনা বলেন, বাংলাদেশে বড় দুই দলের মধ্যে গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জাতিসংঘের মহাসচিব আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য বলেছেন; রাজনৈতিক সহিংসতা পরিত্যাগ করতে বলেছেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।
মজীনা আরও বলেন, একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও বর্তমানে এটি উদীয়মান দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে দেশটি বস্ত্রশিল্পসামগ্রী রপ্তানির ক্ষেত্রে বিশ্বের প্রধান দেশে পরিণত হবে। একদিন এশিয়ার বাঘে পরিণত হবে বাংলাদেশ।
শ্রীপুর উপজেলার সিংগারদীঘি এলাকায় অবস্থিত প্লেজ হারবার স্কুল ও স্পোর্টস একাডেমিতে ‘২০৪০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক ওই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মজীনার স্ত্রী গ্রেস মজীনা, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মার্টিন এফ মাই, মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির প্রতিনিধি রাডো মন্টিনো প্রমুখ।
রচনা প্রতিযোগিতায় ঢাকার গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের সামিহা মাহবুব প্রথম পুরস্কার লাভ করে। রাষ্ট্রদূত মজীনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।