গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সহযোগিতা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। দেশের বৃহত্তর স্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা করতে তিনি তাঁদের প্রতি আহ্বান জানান। খবর বাসসের।গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিকদের পরিবার এবং অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের কাছে চেক হস্তান্তর করার সময় এ আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের এমনভাবে খবর প্রকাশ করা উচিত নয়, যাতে দেশ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের মূল্য দিতে হয়। তিনি বলেন, বিকৃত ও ভুল তথ্যের কারণে যে ক্ষতি হয়, তা পূরণ হয় না।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এবং বিএফইউজে, ডিইউজে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা।অনুষ্ঠানে নিহত ১৩ সাংবাদিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হয় এবং অসুস্থ ও দুস্থ ৪৮ জন সাংবাদিকের প্রত্যেককে দেওয়া হয় ৫০ হাজার টাকা।বাংলাদেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গণমাধ্যমকে আরও শক্তিশালী দেখতে চায়, তবে স্বাধীনতার সঙ্গে অবশ্যই দায়িত্বশীলতাও থাকতে হবে। যেসব সাংবাদিক পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয় তাঁরা হলেন—বিভাষ চন্দ্র সাহা, সাগর সরোয়ার ও মেহেরুন রুনি, পথিক সাহা, গৌতম দাস (ফরিদপুর), হারুনুর রশিদ, মানিক চন্দ্র সাহা, শেখ বেলালউদ্দিন (খুলনা), দীপঙ্কর চক্রবর্তী (বগুড়া) এবং শামছুর রহমান ও জামালউদ্দিন (যশোর)।