গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জার্মান সংসদীয় দলের উদ্বেগ
গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বল্পসংখ্যক ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন বুন্দেসতাগ (জার্মানির সংসদ)। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এ উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেছে সফররত জার্মান সংসদীয় প্রতিনিধিদল।
জার্মান সংসদের অর্থনৈতিক সহায়তা ও উন্নয়নবিষয়ক কমিটির সফররত প্রতিনিধিদলের প্রধান ডাগমার ভোহের্ল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। গুলশানে জার্মান উন্নয়ন সহায়তা সংস্থার (জিআইজেড) দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটারদের একটি ক্ষুদ্র অংশের জনসমর্থনে বাংলাদেশের বর্তমান সংসদ নির্বাচন হয়েছে। তাই বাংলাদেশের স্থিতিশীলতার এ মুহূর্তে প্রশংসা করছে জার্মানি। খুব শিগগির প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে ফলপ্রসূ সংলাপ না হলে এই স্থিতিশীলতা পাঁচ বছর থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে ডাগমার ভোহের্ল বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’
জার্মান সংসদীয় প্রতিনিধিদলের নেতা মন্তব্য করেন, ‘একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। তাই বাংলাদেশের স্বার্থেই প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ফের শুরু হওয়াটা জরুরি। এ ব্যাপারে আমরা বাংলাদেশের কাছ থেকে শিগগির ইতিবাচক ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
এ পরিস্থিতিতে জার্মানি নতুন করে নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের পক্ষে কি না, জানতে চাইলে ডাগমার ভোহের্ল উত্তরটা দেন ইংরেজিতে। এর আগে ও পরে দোভাষীর সহায়তা নিয়ে তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন জার্মান ভাষায়। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিষয়টি দুঃখজনক।’
এর পরপরই ডাগমার ভোহের্লের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে বলেন, জার্মান সংসদীয় দলের নেতা বোঝাতে চেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের আলোকে বাতিল হয়েছে, এ অধিকার বাংলাদেশের আছে। তিনি বোঝাতে চেয়েছেন ক্ষমতা হস্তান্তরের মধ্যবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা খুঁজে নিতে না পারাটা দুঃখজনক।
মধ্যবর্তী কিংবা নতুন নির্বাচন প্রসঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের নেতা বলেন, ‘এ বিষয়টি ঠিক করবে বাংলাদেশের জনগণ। তবে আমরা পুনরায় সংলাপ দেখতে চাই। এটি হলে বাংলাদেশের উন্নয়ন সহায়তার বার্ষিক বাজেট মঞ্জুরিতে আমাদের দর-কষাকষিতে সহায়ক হবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে উন্নয়ন সহায়তা হিসেবে আড়াই বিলিয়ন ইউরো দিয়েছে জার্মানি। প্রতিবছর এর পরিমাণ ১০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশের জন্য এ সহায়তা আমরা অব্যাহত রাখতে চাই।’
রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হিসেবে জার্মানির দায়িত্ববোধের বিষয়টি উল্লেখ করতে ভোলেননি ডাগমার ভোহের্ল। তিনি বলেন, শ্রমের মৌলিক আন্তর্জাতিক অক্ষুণ্ন রেখে উৎপাদন নিশ্চিত করার ক্ষেত্রে ক্রেতা, সরকার, মালিক ও শ্রমিকের দায়িত্ব রয়েছে। তবে সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি সূচনা মাত্র, আরও পথ পাড়ি দিতে হবে। এ জন্য আগামী দিনগুলোতেও বাংলাদেশের পাশে থাকতে তৈরি আছে জার্মানি।