গণতান্ত্রিক প্রক্রিয়া সামনে নিতে সংসদ কাজ করবে: স্পিকার
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দশম জাতীয় সংসদ সংবিধানের আলোকে গণতন্ত্রের অব্যাহত অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গণতান্ত্রিক প্রক্রিয়ার এ অভিযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দশম জাতীয় সংসদ কাজ করবে।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে সাংবাদিকদের সঙ্গে স্পিকার এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য কাজ করা, সংসদকে আরও কার্যকর ও অর্থবহ করা, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংসদেরা কাজ করবেন। সেখানে বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে।
এর আগে স্পিকার বেলা একটার দিকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী এবং চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, মো. শাহাবউদ্দীন, মো. সোলায়মান হক জোয়াদ্দার ও মো. ইকবালুর রহিম আলাদাভাবে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার, চিফ হুইপ, হুইপ ও অন্য নেতারা বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী।
এ সময় গাইবান্ধা-১ আসনের সাংসদ মো. মনজুরুল ইসলাম লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।