বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে মার্কিন সহযোগিতার আশ্বাস
সুশাসন, বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ অংশীদারি সংলাপ শেষ হয়েছে। ওয়াশিংটনে গত বুধবার দুই দেশ প্রথমবারের মতো দুদিনের এ সংলাপে বসে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংলাপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও রাজনীতিবিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারমেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে এবং মানবাধিকার ও সক্রিয় নাগরিক সমাজের বিকাশে কাজ করবে ওবামা প্রশাসন। বৈঠকে গ্রামীণ ব্যাংকে একজন সম্মানিত ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।কিন্তু গতকাল ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে কি না, সেটি উল্লেখ করা হয়নি। যদিও একই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সুশাসন ও সুশীল সমাজের বিকাশে যুক্তরাষ্ট্র সহায়তা পুনর্ব্যক্ত করেছে।এদিকে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক শ্রম মান নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ বৃহত্তর বাজারসুবিধা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এ ব্যাপারে বাংলাদেশের যুক্তি হচ্ছে, মার্কিন বাজারে প্রবেশাধিকার নিশ্চিত হলে তা শ্রমিকের মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের শ্রমিকদের পরিবেশবান্ধব জীবনযাত্রায় সহায়ক ভূমিকা রাখবে। দুই পক্ষই আলোচনার সময় স্বীকার করেছে, বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা ফোরাম (টিকফা) চুক্তির অগ্রগতি নিয়েও দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।