গণতান্ত্রিক বাম মোর্চার বিকল্প প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চা একটি সাংবিধানিক কমিশনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাহী ক্ষমতা অর্পণের প্রস্তাব দিয়েছে। কয়েকটি বাম সংগঠনের এ মোর্চা গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে সরকার ও বিরোধী দলের বিবদমান অবস্থানের অবসানের জন্য বিকল্প এ প্রস্তাব দিয়েছে।
রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কমরেড নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক লিখিত বক্তব্য পাঠ করেন। সম্মেলনে বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন ও নির্বাচনকেন্দ্রিক সরকারকে ঘিরে শাসকশ্রেণীর দ্বন্দ্ব যে অমীমাংসিত জায়গায় চলে যাচ্ছে, এটা বাংলাদেশের শাসনব্যবস্থার সামগ্রিক সংকটের প্রকাশ। তাই এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করার যে সাংবিধানিক প্রক্রিয়া তার পরিবর্তন করতে হবে।