গণতান্ত্রিক বাম মোর্চার বিক্ষোভ কর্মসূচি
গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও টিপাইমুখ বাঁধের প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল বুধবার তোপখানা রোডে মোর্চার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির আওতায় টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ২৬ ডিসেম্বর, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৩ জানুয়ারি এবং গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ৮ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে মোর্চাভুক্ত বাম সংগঠনগুলো। প্রতিটি কর্মসূচির দিনে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে তিনটায়।কর্মসূচি ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রসফায়ার’ ও ‘এনকাউন্টার’-এর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। এর পাশাপাশি অপহরণ, গুম শুরু করে হত্যার আরেকটি সন্ত্রাসী ধারা জোরদার করা হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় টিকে থাকতে আইনের শাসনের পরিবর্তে পেশিতন্ত্রের রাজত্ব কায়েম করেছে।মোশরেফা মিশু বলেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করার চেয়ে বিচারের নামে রাজনৈতিক ফায়দা তুলতেই বেশি মনোযোগী। বিচারের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাসহ অন্যান্য কারণে চিহ্নিত যুদ্ধাপরাধীরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যেতে পারে। অনেকের আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দেশের ক্ষতি জেনেও টিপাইমুখে ভারতের বাঁধের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিবির বৈঠকের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বাম মোর্চার নেতারা বলেন, ‘সিপিবির এই উদ্যোগ দেশ ও জনগণকে রক্ষায় বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে বড় আঘাত। এই মুহূর্তে সিপিবি বাম মোর্চায় নেই। তাদের ছাড়াই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে আমরা আশা করি, সিপিবি সঠিক পথে ফিরে আসবে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠন) সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম প্রমুখ।